সাভারে গুলি করে ছিনতাই চেষ্টায় আহত একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে গতকাল বুধবার বিকেলে ছিনতাইকারীদের গুলিতে ইন্স্যুরেন্স কোম্পানির এক কর্মকর্তা আহত হয়েছেন। তাঁকে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তির নাম দেলোয়ার হোসাইন (৩৫)। তিনি ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানির বিপণন কর্মকর্তা।
পুলিশ জানায়, সাভারের রাজফুলবাড়িয়া এলাকার একটি পোশাক কারখানায় কিছু উপহার সামগ্রী দিতে দেলোয়ার রাজধানীর শ্যামলী থেকে গতকাল গাড়িতে করে যাচ্ছিলেন। গাড়িটি বেলা তিনটার দিকে ওই কারখানায় এলে ছিনতাইকারীরা তাঁকে গুলি করে উপহার সামগ্রীর থলে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী গাড়ির চালক রেজাউল করিম বলেন, দুটি মোটরসাইকেলে করে চার ছিনতাইকারী প্রথমে গাড়িটির গতিরোধ করে। এরপর মোটরসাইকেল থেকে নেমে তারা গাড়ির গ্লাস খুলতে বলে। গ্লাস না খোলায় ছিনতাইকারীদের একজন তাঁর পাশের আসনে বসা দেলোয়ার হোসেনকে লক্ষ্য করে গুলি করে। আরেকজন পেছনের আসনের ডান দিকে গুলি করে কাচ ভেঙে থলেটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। গুলিটি দেলোয়ারের বাঁ হাতের কনুইয়ে বিদ্ধ হয়। তাঁকে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের পরিচালক আনোয়ারুল কাদির দেলোয়ারের গুলিবিদ্ধ হওয়ার কথা নিশ্চিত করেছেন। ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানির রাজধানীর পল্টন শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, দেলোয়ার প্রথমে ইসলামী ব্যাংক রাজধানীর শ্যামলী শাখায় কিছু উপহার সামগ্রী দেন। এরপর উপহার সামগ্রী নিয়ে তিনি সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ডেলিকেট গার্মেন্টসে যাচ্ছিলেন।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজীম বলেন, থলেসহ ব্যাংক থেকে বের হওয়ায় ছিনতাইকারীদের তথ্যদাতারা টাকা ভেবে তাঁদের সদস্যদের বিষয়টি জানায়। পরে ছিনতাইকারীদের দল থলেটি ছিনতাই করে।