সাভারে গুলি করে ১৩ লাখ টাকা ছিনতাই!
রাজধানীর উপকণ্ঠ সাভারের বলিয়ারপুর এলাকায় গতকাল সোমবার বিকেলে হ্যাভেন ফ্যাশনস লিমিটেড নামে একটি পোশাক কারখানার প্রায় ১৩ লাখ টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দুর্বৃত্তরা গাড়িতে গুলি করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন।
কারখানার একাধিক কর্মকর্তার ভাষ্যমতে, শ্রমিকদের বেতন দেওয়ার জন্য গতকাল দুপুরে কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. গফুর রাজধানীর মিরপুরে ইসলামী ব্যাংকের একটি শাখা থেকে ২৫ লাখ ৫২ হাজার ৫০০ টাকা উত্তোলন করেন। ওই টাকা দুটি থলেতে ভরে তিনি ব্যক্তিগত গাড়িতে করে সাভারের হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় নিজের কারখানায় যাচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক শওকত আলী ও ইসাহাক আলী। রাজধানীর গাবতলী পার হয়ে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের বলিয়ারপুর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা একটি থলেতে থাকা ১২ লাখ ৫২ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় দুর্বৃত্তদের ছোড়া গুলি শওকত আলীর (৫০) ঊরুতে বিদ্ধ হয়। দ্রুত তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শওকত আলী বলেন, তিনি গাড়ির সামনে চালকের বাঁ-দিকের আসনে বসা ছিলেন। তাঁদের গাড়িটি বলিয়ারপুর বাসস্ট্যান্ড পার হওয়ার পরপরই দুর্বৃত্তরা প্রথমে একটি কালো মাইক্রোবাস দিয়ে তাঁদের গাড়ির গতি রোধ করে। এরপর দুই দিক থেকে দুটি মোটরসাইকেলে চার দুর্বৃত্ত এসে গুলি ছুড়তে ছুড়তে তাঁদের গাড়ির কাছে আসে। এরপর লাঠির আঘাতে গাড়ির সামনের কাচ ভেঙে গাড়ির ভেতরে গুলি করে। এ সময় একটি গুলি তাঁর ডান পায়ের ঊরুতে বিদ্ধ হলে তিনি অচেতন হয়ে পড়েন।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান বলেন, ‘শুনেছি একটি পোশাক কারখানার টাকা লুট হয়েছে। তবে কত টাকা লুট হয়েছে তা আমার জানা নেই। আর এ ব্যাপারে কোনো অভিযোগও পাওয়া যায়নি।’