সাভারে গৃহবধূ খুন, শিশুর লাশ উদ্ধার
ঢাকার অদূরে সাভারের কান্দিভাকুর্তা গ্রামে আজ রোববার সেতারা বেগম (৪৫) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। গৃহবধূর পরিবারের দাবি, হামলা থেকে স্বামী ও সন্তানকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের পাইপের আঘাতে নিহত হন তিনি।
এদিকে আজ সকালে সাভার পৌর এলাকার পশ্চিম ব্যাংকটাউন এলাকা থেকে আড়াই বছরের এক অজ্ঞাতনামা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সাভার থানার পুলিশ জানায়, নিহত গৃহবধূ সেতারা পরিবারের সঙ্গে সাভারের কান্দিভাকুর্তা গ্রামে থাকতেন। স্থানীয় বাজারে তাঁর স্বামী আসমত আলীর স্বর্ণের দোকান আছে। আসমতের দোকানের কর্মচারী মিজানুর রহমান ওই বাজারের আরেক ব্যবসায়ী মহসীন মিয়ার দোকানে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হন। এ জন্য মহসীনের কাছ থেকে অগ্রিম পাঁচ হাজার টাকাও নেন মিজানুর। কিন্তু মিজানুর চুক্তি অনুযায়ী কাজে যোগ দেননি। এ কারণে ক্ষিপ্ত হয়ে মিজানুরকে ধরে বাড়িতে আটকে রাখেন মিজানুর। খবর পেয়ে তাঁকে মুক্ত করতে দুই সন্তানসহ আসমত ওই বাড়িতে যান। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে মহসীন লোহার পাইপ দিয়ে তাঁদের পেটাতে থাকেন। খবর পেয়ে তাঁদের বাঁচাতে দৌড়ে যান সেতারা বেগম। তখন তাঁর মাথায় পাইপের আঘাত লাগে। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, ঘটনার পর মহসীন ও তাঁর পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে আজ সাভার পৌর এলাকার পশ্চিম ব্যাংকটাউন এলাকার ডোবা থেকে আড়াই বছরের এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ বলেন, খবর পেয়ে আজ দুপুর ১২টার দিকে ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। তার নাম পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শিশুটিকে হত্যার পর লাশ ওই ডোবায় ফেলে রেখে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।