সাভারে গৃহবধূ খুন, শিশুর লাশ উদ্ধার
সাভারের কান্দিভাকুর্তা গ্রামে গতকাল রোববার প্রতিবেশীদের হামলা থেকে স্বামী ও সন্তানদের বাঁচাতে গিয়ে পাইপের আঘাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। একই দিন পৌর এলাকার পশ্চিম ব্যাংক টাউন থেকে আড়াই বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত গৃহবধূর নাম সেতারা বেগম (৪৫)। আড়াই বছরের শিশুর পরিবারের কোনো খোঁজ পাওয়া যায়নি।
সাভার থানার পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সেতারার স্বামী আসমত আলী কান্দিভাকুর্তা বাজারে ব্যবসা করেন। তাঁদের দোকানের কর্মচারী মিজানুর রহমান ওই বাজারের আরেক ব্যবসায়ী মহোসিন মিয়ার কাছ থেকে কাজের কথা বলে পাঁচ হাজার টাকা নেন। কিন্তু পরে মিজানুর মহোসিনের দোকানে কাজে যোগ দেননি। কাজে যোগ না দেওয়ায় মহোসিন ও তাঁর ভাই নজরুল ইসলাম গতকাল বেলা দুইটার দিকে মিজানুরকে ধরে নিয়ে গিয়ে তাঁদের বাড়িতে আটকে রাখেন।
আসমত ও মহোসিন প্রতিবেশী। খবর পেয়ে তাঁকে মুক্ত করতে আসমত তাঁর দুই ছেলে রিয়াদ হোসেন ও শাহ আলীকে নিয়ে মহোসিনের বাড়িতে যান। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে মহোসিন তাঁদের লোহার পাইপ দিয়ে মারধর করতে থাকেন। তাঁদের বাঁচাতে সেতারা বেগম সেখানে গেলে তাঁর মাথায় পাইপের আঘাত লাগে। পাইপের আঘাতে তিনি অচেতন হয়ে পড়লে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
আসমত আলী বলেন, মহোসিন তাঁদের প্রতিবেশী। এ কারণে তাঁর কর্মচারীকে আটক রাখার খবর পেয়ে তিনি তাঁকে মুক্ত করতে যান। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই মহোসিন তাঁদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তাঁর স্ত্রী সেখানে গেলে তাঁকেও পাইপ দিয়ে আঘাত করেন। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ঘটনার পর মহোসিন ও তাঁদের পরিবারের লোকজন আত্মগোপন করায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
এদিকে পৌর এলাকার পশ্চিম ব্যাংক টাউন এলাকা থেকে দুপুর ১২টার দিকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ বলেন, স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে জানতে পেরে তাঁরা ঘটনাস্থলে যান। এরপর রাস্তার পাশে ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আবু সাঈদ বলেন, শিশুটিকে কেউ হত্যা করে লাশ ওই ডোবায় ফেলে রেখে গেছে। পরিচয় নিশ্চিত না হওয়া গেলে পুলিশের পক্ষ থেকে মামলা করা হবে বলে জানান তিনি।