সাভারে গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে তানিয়া আক্তার নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হাত-পা বাঁধা অবস্থায় গতকাল সোমবার আমিনবাজার এলাকায় তুরাগ নদ থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তানিয়ার স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে।

তানিয়া (২৩) আমিনবাজার ইউনিয়নের সালেহপুর গ্রামের হযরত আলীর মেয়ে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে স্বাস্থ্যকর্মীর চাকরি করতেন।

সাভার মডেল থানার পুলিশ ও তানিয়ার পারিবারিক সূত্রে জানা গেছে, বছর খানেক আগে আমিনবাজার ইউনিয়নের বেগুনবাড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে ওমর ফারুকের সঙ্গে তানিয়ার বিয়ে হয়েছিল। বিয়ের পর তানিয়ার সঙ্গে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বনিবনা না হওয়ায় মাস ছয়েক আগে তিনি বাবার বাড়ি চলে যান। গত বুধবার তানিয়াকে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনিতে তাঁর দেবরের বাসায় ডেকে নেওয়া হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তুরাগ নদে তাঁর লাশ পাওয়া যায়।  

হযরত আলী বলেন, ‘বিয়ের আগে আমার মেয়ের সঙ্গে ওমরের প্রেমের সম্পর্ক ছিল। এ কারণে শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়েকে মেনে নিতে চাননি। শ্বশুরবাড়িতে টিকতে না পেরে তানিয়া আমার কাছে চলে আসে। এরপরও তার শেষ রক্ষা হলো না। পরিকল্পিতভাবে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়েছে।’

সাভার মডেল থানার ওসি কামরুজ্জামান বলেন, পারিবারিক কলহের জের ধরেই তানিয়া খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।