সাভারে গৃহবধূর আত্মহত্যা, স্বামী গ্রেপ্তার
স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে সাভার পৌর এলাকার বাজার রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে। পুলিশ তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে।
ওই গৃহবধূর নাম বৃষ্টি চৌধুরী। চার বছর আগে মঙ্গলচন্দ্র দাস নামের এক সরকারি কর্মচারীর সঙ্গে তাঁর বিয়ে হয়। সাভার বাজার রোডে তাঁদের বাসা।
সাভার মডেল থানার পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঘুম থেকে জেগে স্ত্রী বৃষ্টিকে নিজেদের শয়নকক্ষে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলতে দেখেন মঙ্গল। এ সময় তাঁর চিৎকারে পাশের কক্ষ থেকে মঙ্গলের শ্যালিকা সুইটি ছুটে আসেন। পরে তাঁরা পাশের ফ্ল্যাটে খবর দেন। তাৎক্ষণিক উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশও হাসপাতালে ছুটে যায়। জিজ্ঞাসাবাদের জন্য আটক করে মঙ্গলকে। পরে বৃষ্টির বাবা অমল চৌধুরী আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন। সেই মামলায় মঙ্গলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।