সাভারে গ্রেপ্তারের পর 'বন্দুকযুদ্ধে' আসামি নিহত
ঢাকার সাভারের বিরুলিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মোক্তার হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তারের পর আজ শুক্রবার ভোররাত চারটার দিকে ‘বন্দুকযুদ্ধ’ হয় বলে জানিয়েছে পুলিশ। তবে মোক্তারের ছেলে বলছেন, বুধবার পুলিশের সোর্সসহ সাদা পোশাকে কয়েকজন এসে তাঁর বাবা, খালা ও মামাকে মাইক্রোবাসে করে নিয়ে যায়।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামানের ভাষ্য, মোক্তারের বিরুদ্ধে মাদক, হত্যাসহ ১০ থেকে ১২টি মামলা আছে। গ্রেপ্তারের পর আজ ভোররাত চারটার দিকে মোক্তারকে নিয়ে বিরুলিয়া এলাকায় অস্ত্র উদ্ধারের অভিযানে যায় পুলিশ। সেখানে ওত পেঁতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ে মোক্তার হোসেন নিহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি গুলি ও একটি পিস্তল উদ্ধার করেছে।
মোক্তারের বাড়ি মজিদপুর এলাকায়। গতকাল বৃহস্পতিবার মোক্তারের ছেলে সাগর জানান, বুধবার রাত সাড়ে নয়টার দিকে শাকিল নামে পুলিশের এক সোর্সসহ সাদাপোশাকে সাত-আটজন লোক তাঁদের বাসায় যান। এ সময় তাঁর বাবা (মোক্তার) ঘরে শুয়ে ছিলেন। ঘরে ঢুকে তাঁরা পুলিশ পরিচয়ে তাঁর বাবাকে মারধর করেন। এরপর তাঁর খালা শাহানাজ আক্তার ও মামা সানোয়ার হোসেনসহ বাবাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান তাঁরা। বৃহস্পতিবার সকালে তাঁর খালা ও মামাকে সাভার মডেল থানার পুলিশ আদালতে হাজির করে। তবে সন্ধ্যা পর্যন্ত তাঁর বাবার হদিস পাওয়া যায়নি।
সাগর আরও বলেন, বৃহস্পতিবার সারা দিন সাভার মডেল থানা ও ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে যোগাযোগ করেও তাঁর বাবার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাননি তাঁরা।