সাভারে চাঁদাবাজির মামলায় এক ব্যক্তি গ্রেপ্তার, আনন্দ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া মামলায় আসাদুজ্জামান ওরফে সোহাগ নামের এক ব্যক্তিকে গতকাল সোমবার বিকেলে গ্রেপ্তার করেছে পুলিশ। এর পরপরই সাভার নামাবাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন। পাশাপাশি তাঁরা সাভার মডেল থানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে সোহাগের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন।
সোহাগ সাভার পৌর এলাকার রেজিস্ট্রি অফিস মহল্লার মৃত আবুল কালাম আজাদের ছেলে। আবুল কালাম আজাদ সম্প্রতি সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। সাভার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে জানানো হয়, বেশ কিছুদিন ধরে সোহাগ তাঁর সন্ত্রাসী বাহিনী নিয়ে সাভার বাজারের বিভিন্ন ব্যবসায়ীসহ আশপাশের এলাকার মানুষের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। নানা ভয়ভীতির মুখে অনেকেই তাঁর চাহিদামতো চাঁদা দিয়েছেন। শেষ পর্যন্ত সমিতির হস্তক্ষেপে তারা মোল্লা নামের এক ব্যবসায়ী গতকাল সাভার মডেল থানায় সোহাগের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। ওই মামলায় গতকাল বিকেলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বাজারের সর্বস্তরের ব্যবসায়ীসহ আশপাশের কয়েক শ লোক আনন্দ মিছিল বের করেন। সাভার বাজার থেকে বের হয়ে মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে গিয়ে শেষ হয়। এরপর থানার মূল ফটকের সামনে তাঁরা বিক্ষোভ করেন এবং সোহাগের ফাঁসির দাবি জানান। পরে ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
মামলার বাদী তারা মোল্লা বলেন, বেশ কিছুদিন ধরে সোহাগ তাঁর কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাহিদামতো চাঁদা না দেওয়ায় গত ৩১ আগস্ট সন্ধ্যায় বাজারের বাঁশপট্টি এলাকায় সোহাগ তাঁকে মারধর করেন। এরপর তাঁর বুকে পিস্তল ঠেকিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা তাৎক্ষণিক পরিশোধ করতে বলেন। এ সময় ভয়ে তিনি চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন ও ব্যবসায়ীরা এগিয়ে এলে সহযোগীদের নিয়ে সোহাগ পালিয়ে যান।
আলতাফ মোল্লা নামের এক ব্যবসায়ী অভিযোগ করেন, ১৫ দিন আগে জীবনের ভয়ে তিনি সোহাগকে ৭৫ হাজার টাকা চাঁদা দিতে বাধ্য হয়েছেন। ধামরাইয়ের রূপনগরের আবদুস সাত্তার বলেন, ভুয়া কাগজপত্র বানিয়ে সোহাগ দীর্ঘদিন ধরে তাঁর বাড়ি দখল করার চেষ্টা চালিয়ে আসছিলেন। একপর্যায়ে সোহাগের বাবার হত্যা মামালায় তাঁকে আসামি করে বাড়িটি দখল করে নিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে আরও কয়েকজন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সোহাগের একটি সন্ত্রাসী গ্রুপ রয়েছে। এদের প্রায় সবার কাছেই অবৈধ অস্ত্র রয়েছে। সাভার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও স্থানীয় কাউন্সিলর নজরুল ইসলাম বলেন, সোহাগের অত্যাচারে বাজারের ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়েছিলেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, সোহাগের অত্যাচার চরম পর্যায়ে পৌঁছেছিল। তাঁর ভয়ে ব্যবসায়ীসহ এলাকার লোকজন আতঙ্কে দিন কাটাতেন। কিন্তু কোনো লিখিত অভিযোগ না পাওয়ার কারণে তাঁর বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।