সাভারে চাকরি দেওয়ার নামে প্রতারণা, এমডি আটক
ঢাকার সাভারে চাকরি দেওয়ার কথা বলে পপুলার করপোরেশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান শতাধিক তরুণের কাছ থেকে জামানত হিসেবে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার পুলিশ ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাকির হোসাইনকে আটক করেছে।
ভুক্তভোগী তরুণদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাকির হোসাইন চার মাস আগে সাভার পৌর এলাকার সোবাহানবাগ এলাকায় মফিজ প্লাজার চারতলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে পপুলার করপোরেশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ঝুলিয়ে দেন।
এরপর সাভার, আশুলিয়া ও ধামরাইসহ মানিকগঞ্জের বিভিন্ন গ্রামে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রচার করেন। বিজ্ঞপ্তি দেখে এসব অঞ্চলের শতাধিক শিক্ষিত তরুণ ওই প্রতিষ্ঠানে যোগাযোগ করেন। এরপর পদ অনুযায়ী ৩ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত জামানতের বিনিময়ে তাঁরা চাকরি পান। প্রতি মাসে তাঁদের বেতন ধরা হয় ৮ থেকে ১১ হাজার টাকা। কিন্তু নিয়মিত দায়িত্ব পালন করার পরও তাঁদের কোনো বেতন দেওয়া হয়নি। বেতন না পেয়ে তাঁরা গতকাল কার্যালয়ের ভেতরে এমডিকে আটকে রেখে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
ধামরাইয়ের খাসেরচর গ্রামের পারভেজ মিয়া বলেন, পাঁচ হাজার টাকা জামানত নিয়ে মাস খানেক আগে তাঁকে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় দায়িত্ব দেওয়া হয়। সেখানে একটি কার্যালয় ভাড়া নিয়ে ১১ জন কর্মী নিয়োগ দেওয়া হয়। তাঁদের কাছ থেকেও পাঁচ হাজার টাকা করে জামানত আদায় করা হয়। ওই কার্যালয়ের জন্য ৬৭ হাজার টাকার আসবাবপত্রও কেনা হয়। কিন্তু গত এক মাসে সেখানে কোনো পণ্য সরবরাহ করা হয়নি। এমনকি তাঁদের বেতন ও ঘরভাড়াও দেওয়া হয়নি।
প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (জিএম) শফিকুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানটির এমডি জাকির হোসাইন চাকরির প্রলোভন দিয়ে তাঁদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আত্মসাৎ করেছেন। তিনি নিজেও জামানত দিয়ে প্রতারণার শিকার হয়েছেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব মিয়া বলেন, জাকির হোসাইন কথিত প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে শতাধিক তরুণের কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেছেন। এ অভিযোগে তাঁকে গতকাল আটক করা হয়েছে।