সাভারে ছাত্রলীগের দুপক্ষে সংঘর্ষ আহত ১০
ঢাকার সাভারে গতকাল বুধবার বিকেলে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
পুলিশ ও দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিআরটিএ কর্তৃপক্ষ লাইসেন্স দেওয়ার আগে সাভার বিশ্ববিদ্যালয় কলেজের মাঠে প্রশিক্ষণার্থী চালকদের যানবাহন চালনার ওপর পরীক্ষা নিয়ে থাকে। ভারী যানবাহনের চালকদের ক্ষেত্রে পরীক্ষার যানবাহন ব্যবহারের ব্যবস্থা করে দিয়ে জনপ্রতি ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আদায় করা হয়। এভাবে প্রতি সপ্তাহে ৩০ থেকে ৫০ হাজার টাকা আদায় করা হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মী ও বিআরটিএ কর্তৃপক্ষ এসব টাকা ভাগ-বাঁটোয়ারা করে নেয়। তবে ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াকিন ও সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমানের মধ্যে দ্বন্দ্ব রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আতিকুর রহমানের অনুসারীরা গতকাল বেলা তিনটার দিকে এনাম মেডিকেল কলেজের সামনে ইয়াকিনের অনুসারীদের ওপর হামলা চালান। খবর পেয়ে ইয়াকিনের অন্য অনুসারীরা সেখানে গিয়ে আতিকুরের অনুসারীদের ধাওয়া করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় উভয় পক্ষের নেতা-কর্মীরা পিস্তল, ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা ব্যবহার করেন।সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাঁদের মধ্যে শাকিল নামে একজনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সাভার মডেল থানার ওসি আবদুল মোতালেব মিয়া জানান, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে কী কারণে সংঘর্ষ হয়েছে তা জানা যায়নি।