সাভারে ছিনতাই হচ্ছে প্রায় দিনই
মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী চক্রের কাছে জিম্মি হয়ে পড়েছেন ঢাকার সাভার পৌর এলাকার আড়াপাড়া, বিনোদবাইদ, কামালরোডসহ আশপাশের মহল্লার কয়েক শ বাসিন্দা। পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় মাসের পর মাস ধরে এ অবস্থা চলছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
পুলিশের কাছ থেকে কোনো সহায়তা না পেয়ে এলাকার লোকজন সংঘবদ্ধ হয়ে গত শুক্রবার রাতে কয়েকজন সন্ত্রাসীকে ধাওয়া করেন। এ কারণে পরের দিন সন্ত্রাসীরা আড়াপাড়া এলাকার ড্রেন মার্কেটে অবস্থিত একটি সমিতির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় তারা একটি যানবাহনও ভাঙচুর করে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন সন্ধ্যার পর ১৫ থেকে ২০ জনের একদল সন্ত্রাসী আড়াপাড়া, বিনোদবাইদ, কামালরোড ও মিয়া অয়েল মিলের মাঠের এক কোণে অবস্থান নেয়। এরপর ভোররাত পর্যন্ত ছিনতাইয়ের পাশাপাশি তারা ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে। এই সন্ত্রাসীদের প্রায় সবাই সাভার পৌর এলাকার ব্যাংক কলোনির বাসিন্দা। এদের বয়স ২০ থেকে ২৪ বছরের মধ্যে।
আড়াপাড়া মহল্লার মেহেদি হাসান বলেন, ১৫ দিন আগে সন্ধ্যার পর বাসায় ফিরছিলেন তিনি। মিয়া অয়েল মিলের মাঠের পাশে পৌঁছালে সন্ত্রাসীরা অস্ত্র ঠেকিয়ে তাঁর কাছ থেকে মুঠোফোন ছিনিয়ে নেয়। এর আগে একই এলাকা থেকে কামালরোডের বাসিন্দা আবদুস সালামের মুঠোফোন ছিনিয়ে নেয় তারা। সপ্তাহ খানেক আগে আড়াপাড়ার বাসিন্দা লিমনের কাছ থেকে এক ভরি ওজনের একটি সোনার চেইন ছিনিয়ে নেওয়া হয়। গত বুধবার ড্রেন মার্কেটের জুয়েল নামের এক ব্যক্তির হোটেলে ঢুকে সন্ত্রাসীরা ভাত খেয়ে বিল না দিয়েই চলে যায়। জুয়েল বলেন, ওই সন্ত্রাসীদের কাছে বিল চাইলে তারা তাঁকে মারধর করে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন পোশাকশ্রমিক বলেন, ভোর এবং সন্ধ্যায় কর্মস্থলে আসা-যাওয়ার পথে প্রায় প্রতিদিনই কামালরোড ও মিয়া অয়েল মিলের মাঠের পাশ থেকে সন্ত্রাসীরা তাঁদের কাছ থেকে মুঠোফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। তাঁরা পুলিশকে বিষয়টি জানানোর সাহস পান না।
স্থানীয় নবজাগরণ সমাজসেবা ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলমসহ আরও কয়েকজন বলেন, শুক্রবার সন্ধ্যায় এলাকার লোকজন একজোট হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করেন। পরের দিন সন্ধ্যায় অর্ধশতাধিক সন্ত্রাসী ড্রেন মার্কেটে অবস্থিত সাভার বাবুর্চি সমিতির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে স্থানীয় লোকজন প্রতিরোধ গড়ে তুললে তারা চলে যায়। বাবুর্চি সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, সন্ত্রাসীরা তাঁদের প্রতিষ্ঠান ভাঙচুরের পর ক্যাশে থাকা এক লাখ টাকা লুট করে নিয়ে যায়।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শিবশংকর বণিক বলেন, ভাঙচুর ও হামলার খবর পেয়ে তিনি শনিবার রাতে ঘটনাস্থলে যান। কিন্তু তার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। তিনি বলেন, একটি চক্র প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত এলাকাটিতে মাদক বিক্রিসহ নানা অপরাধমূলক কাজ করে আসছে বলে তথ্য পাওয়া গেছে। তাদের নেতাসহ কয়েকজনের নামও পেয়েছে পুলিশ। ওই সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের ধরতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে