সাভারে ছিনতাইকারীর হাতে ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লায় গত মঙ্গলবার রাতে ছিনতাইকারীদের হামলায় কামরুজ্জামান নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে প্রায় এক লাখ টাকাসহ কয়েকটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
এদিকে আশুলিয়ার চানগাঁও এলাকা থেকে গতকাল বুধবার অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সাভার মডেল থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সাভার বাসস্ট্যান্ড এলাকার রাজাসন রোডের ভরসা বিপণিবিতানে কামরুজ্জামানের একটি ফ্ল্যাক্সিলোডের দোকান রয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে তিনি দোকান বন্ধ করে প্রায় এক লাখ টাকাসহ কর্মচারী রোমানকে নিয়ে মজিদপুর এলাকায় তাঁর বাসায় ফিরছিলেন। পথে কয়েকজন ছিনতাইকারী তাঁদের ওপর হামলা চালায়। এ সময় ছিনতাইকারীরা চাপাতি দিয়ে কামরুজ্জামান ও রোমানকে এলোপাতাড়ি কুপিয়ে ওই টাকা ও কয়েকটি মুঠোফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয় ব্যক্তিরা আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কামরুজ্জামান মারা যান। কামরুজ্জামানের স্ত্রী তানিয়া জামান বাদী হয়ে গতকাল থানায় একটি মামলা করেছেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন মিয়া জানান, ঘটনার পরপরই মজিদপুর এলাকায় অভিযান চালিয়ে ৮৮ হাজার ৮৮৫ টাকাসহ সাদ্দামকে আটক করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী উসমান গণি ও রফিককে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ্দাম ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁরা তিনজনই গোপালগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত আটক ব্যক্তিদের ওই মামলায় গ্রেপ্তারও দেখানো হয়নি।
তানিয়া বলেন, ‘পুলিশ মামলা লিখে আমার স্বাক্ষর নিয়েছে। সেখানে কাউকে সুনির্দিষ্ট করে আসামি করা হয়েছে কি না, তা আমি বলতে পারব না।’ তবে এ বিষয়ে ওসি মোতালেব হোসেন মিয়া জানান, ঘটনার প্রত্যক্ষদর্শী না থাকায় বা মামলার বাদী কারও নাম উল্লেখ না করায় তাঁদের সরাসরি আসামি করা হয়নি। তবে আরও জিজ্ঞাসাবাদের পর তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
আশুলিয়া থানা-পুলিশ জানায়, আশুলিয়া ইউনিয়নের চানগাঁও এলাকার একটি বাঁশঝাড়ের ভেতরে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে গতকাল সকালে পুলিশে খবর দেন স্থানীয় ব্যক্তিরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।