ঢাকার সাভারের মধ্য গেন্ডা এলাকার একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে গতকাল রাতে ঘেরাও করে রাখে পুলিশ। বাড়িটির একটি ফ্ল্যাট থেকে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। এর আগে বিকেলে নামা গেন্ডা এলাকার একটি বাড়িতেও পুলিশ অভিযান চালায়। তবে সেখানে কিছু পায়নি।
ঢাকা জেলা পুলিশের একাধিক কর্মকর্তা সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত সোয়া নয়টার দিকে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও জেলা পুলিশ যৌথভাবে মধ্য গেন্ডার নির্মাণাধীন ছয়তলা ওই বাড়িটি ঘিরে ফেলে। পরে বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম পাওয়া যায়। এ তলার অপর ফ্ল্যাটটিতে জঙ্গি থাকতে পারে বলে পুলিশের ধারণা। সেটির দরজা ভেতর থেকে বন্ধ ছিল।
নিচতলার ফ্ল্যাটের ভাড়াটেরা জানান, ওই দুই ফ্ল্যাটের একটিতে পাঁচ-ছয়জন তরুণ ও অন্যটিতে এক যুবক ও দুই নারী থাকতেন। মাসখানেক আগে তাঁরা ফ্ল্যাট দুটি ভাড়া নেন।
সিটিটিসির একজন কর্মকর্তা বলেন, বন্ধ ফ্ল্যাটটিতে কোনো জঙ্গি আছে কি না নিশ্চিত হওয়া যায়নি। বোমা ও বোমা তৈরির সরঞ্জাম আছে কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে বাড়িটি ঘেরাও করে রাখা হয়েছে। আগামীকাল সকালে (আজ শনিবার) অভিযান চালানো হবে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজীম বলেন, নামা গেন্ডায় অভিযান সমাপ্ত করে মধ্য গেন্ডায় অভিযান শুরু করা হয়েছে। কৌশলগত কারণে রাত ১১টার পর অভিযান স্থগিত করে বাড়িটি ঘেরাও করে রাখা হয়েছে।
এর আগে বিকেল চারটার দিকে জঙ্গি আস্তানা সন্দেহে সিটিটিসি ও জেলা পুলিশ নামা গেন্ডার একটি পাঁচতলা বাড়ি ঘিরে ফেলে। পুলিশ বলছে, এ বাড়ির নিচতলার দুটি ফ্ল্যাটে দুই জঙ্গি স্ত্রী-সন্তানদের নিয়ে থাকতেন। অভিযানের আগেই তাঁরা পালিয়ে যান। অভিযান চালিয়ে কিছু পাওয়া যায়নি।
এই অভিযান সম্পর্কে সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, দুটি ফ্ল্যাটের একটিতে স্ত্রী ও তিন সন্তান নিয়ে থাকতেন মনির হোসেন নামে এক ব্যক্তি। তাঁর বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার তথ্য রয়েছে। অন্য ফ্ল্যাটটিতে স্ত্রী-সন্তানদের নিয়ে থাকতেন আরেক জঙ্গি। অভিযানের আগে মনির পালিয়ে গেলেও স্ত্রী ও সন্তানেরা সেখানেই ছিলেন। তাঁদের আপাতত বাড়ির মালিকের হেফাজতে দেওয়া হয়েছে।