সাভারে জমি দখলে নিয়ে নয়জনকে অপহরণ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের গেন্ডা এলাকায় একটি পোশাক কারখানার মালিকসহ তাঁর লোকজনের বিরুদ্ধে জমি দখল, ভাঙচুর এবং নারী ও শিশুসহ নয়জনকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। গত পাঁচ দিনেও পুলিশ তাঁদের উদ্ধার করতে পারেনি।

ওই নয়জন হলেন গেন্ডা এলাকার লাল মিয়ার বাড়ির ভাড়াটে ইদন মিয়া, তাঁর স্ত্রী লাগুরা বেগম ও তাঁদের তিন সন্তান এবং আরেক ভাড়াটে মনির হোসেন, তাঁর স্ত্রী নাসিরা বেগম এবং তাঁদের দুই সন্তান।

 লাল মিয়ার ছেলে মনোয়ার হোসেন বলেন, সাভারের উলাইলের আল-মুসলিম গ্রুপের কারখানা-সংলগ্ন গেন্ডা এলাকায় তাঁদের পাঁচ শতাংশ জমি রয়েছে। কয়েক বছর আগে তাঁরা ওই জমির ওপর আধা পাকা ২৩টি ঘর তুলে ভাড়া দেন। গত মঙ্গলবার রাতে আল-মুসলিম গ্রুপের কর্মকর্তারা কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ও নিরাপত্তাকর্মীসহ শ্রমিকদের নিয়ে গিয়ে ওই সব ঘরে হামলা চালান। একপর্যায়ে তাঁরা দুই ভাড়াটে ও তাঁদের স্ত্রী-সন্তানদের অপহরণ করে নিয়ে যান। মনোয়ার আরও বলেন, ঘটনার পরদিন তিনি আল-মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ আবদুল্লাহ, ভূমি ব্যবস্থাপক হেলাল উদ্দিন, নিরাপত্তা কর্মকর্তা ফরহাদ হোসেন ও হায়দার আলীসহ অন্তত ২০০ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করেন।

মুঠোফোন নম্বর না পাওয়ায় ও কারখানার ভেতরে ঢুকতে না দেওয়ায় এসব অভিযোগের বিষয়ে শেখ আবদুল্লাহর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, ‘আমরা কারও জমি দখল করিনি। অবৈধ দখলদারদের উচ্ছেদ করে আমাদের জমি দখলে নিয়েছি।’ আর অপহরণের অভিযোগের বিষয়ে তিনি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন। সাভার মডেল থানার ওসি কামরুজ্জামান বলেন, গভীর রাতে আল-মুসলিম গ্রুপের লোকজন হামলা চালিয়ে ঘরবাড়ি গুঁড়িয়ে দেয়। এর আগে ভাড়াটেদের মারধর করে শিশু ও নারীসহ নয়জনকে ধরে নিয়ে যাওয়া হয়। অপহৃত ব্যক্তিদের উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।