সাভারে ডাকাত সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা
ঢাকার সাভারের ভাকুর্তা ইউনিয়নের হিন্দু ভাকুর্তা গ্রামের লোকজন গত শুক্রবার রাতে ডাকাত সন্দেহে দুজনকে আটকের পর পিটিয়ে হত্যা করেছে। গ্রামটিতে গত এক মাসে চার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা হানা দিয়েছে আরও অন্তত ১০ বাড়িতে।
স্থানীয় সাংসদ খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি ডাকাতি প্রতিরোধে পুলিশকে কার্যকর ব্যবস্থা গ্রহণসহ গণপিটুনিতে দুই ডাকাত নিহত হওয়ার ঘটনায় গ্রামবাসীকে অযথা হয়রানি না করার নির্দেশ দেন।
সাভার ও রাজধানীর সীমান্তবর্তী এলাকায় অবস্থিত হিন্দু ভাকুর্তা গ্রামে অন্তত দেড় হাজার হিন্দু পরিবারের বসবাস। যাদের প্রায় সবাই রুপার গয়না তৈরি করে থাকে। এসব গয়নায় স্বর্ণের রং করে রাজধানীসহ সাভারের বিভিন্ন বিপণিবিতানে সরবরাহ করা হয়।
সাভার থানা-পুলিশ ও গ্রামবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে একদল ডাকাত হিন্দু ভাকুর্তা পশ্চিম পাড়ার সুরেন্দ্র সরকারের বাড়িতে হানা দিয়ে অর্থ ও মালামাল লুটে নেয়। সুরেন্দ্র বাধা দিলে ডাকাতেরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আঘাত করে। এর প্রায় এক ঘণ্টা পর ডাকাতেরা ওই গ্রামেরই দাসপাড়ার সুনীল চন্দ্র দাসের বাড়িতে যায়। ডাকাতেরা ওই বাড়িতে গিয়ে সিঁধ কেটে গয়নার কারখানায় ঢোকার চেষ্টা করে। কিন্তু কর্মচারীরা টের পেয়ে গেলে তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে ১০০ ভরি রুপা লুটে নিয়ে চলে যায়।
কারখানার শ্রমিক আফজাল হোসেন বলেন, ডাকাতেরা চলে যাওয়ার পর তাঁরা চিৎকার শুরু করেন। এ সময় আশপাশের এলাকার লোকজন জড়ো হয়ে চারদিক থেকে ডাকাতদের ঘেরাও করে ফেলে। জনতার ভিড়ের মধ্যে কয়েকজন ডাকাত পালাতে সক্ষম হলেও দুজন ধরা পড়ে যায়। স্থানীয় ব্যক্তিরা জানান, ক্ষুব্ধ গ্রামবাসী দুজনকে হাতে পেয়ে ডাকাত সন্দেহে পিটুনি দিলে ঘটনাস্থলেই তারা মারা যায়।
হিন্দু ভাকুর্তার নগেন সরকার, নীল রতন দাসসহ আরও অনেকে বলেন, ডাকাতেরা গত এক সপ্তাহে ওই গ্রামের কার্ত্তিক দাস, রসময় দাস, বারেন্দ্র দাসসহ আরও কয়েকজনের বাড়িতে হানা দিয়ে দরজা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করে। এ ছাড়া গত এক মাসে নাজিম উদ্দিনের বাড়িসহ আরও কয়েকটি বাড়ি ও দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই গ্রামেরই কয়েকজন অভিযোগ করেন, ভাকুর্তায় একটি পুলিশ ফাঁড়ি থাকলেও পুলিশ ডাকাতিরোধে কোনো ব্যবস্থা নেয় না।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন মিয়া বলেন, ডাকাতির চেষ্টাকালে দুজনকে আটক করে পিটুনি দিলে তারা মারা যায়। তাদের পরিচয় পাওয়া যায়নি।
মোতালেব হোসেন বলেন, ডাকাতির চেষ্টার অভিযোগে সুনীল দাসের ছেলে লিটন দাস গতকাল একটি মামলা করেছেন।