সাভারে ডিবি পরিচয়ে অপহরণের অভিযোগ
ঢাকার সাভার পৌরসভার ইমান্দিপুর এলাকা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে জাফর আলী ওরফে হিরু (৩৫) নামের এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার সন্ধ্যায় অপহৃত হওয়ার পর বৃহস্পতিবার জাফরের স্ত্রী সাভার মডেল থানায় এ ব্যাপারে একটি অভিযোগ করেন।
জাফর বরগুনা সদর উপজেলার সিংরাবুনিয়া গ্রামের শাজাহান মিয়ার ছেলে। তিনি সাভারে থেকে অটোরিকশা চালাতেন।
জাফরের স্ত্রী মুক্তা বলেন, গত সোমবার সন্ধ্যা সাতটার দিকে ১০ থেকে ১২ জনের একটি দল মাইক্রোবাস নিয়ে তাঁদের বাসায় আসেন। তাঁরা নিজেদের ডিবি পুলিশ বলে পরিচয় দিয়ে তাঁর স্বামীর হাতে হাতকড়া পরিয়ে মাইক্রোবাসে তুলে নেন। তাঁদের কাছে হাতকড়া, ওয়ারলেস সেট ও পিস্তল ছিল। এরপর ঢাকা মহানগর ও সাভার ডিবি কার্যালয়ে বারবার যোগাযোগ করেও আর স্বামী জাফরের খোঁজ পাননি। শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার তিনি এ ব্যাপারে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেন।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশিষ কুমার সান্যাল বলেন, অভিযোগ পাওয়ার পর আধুনিক প্রযুক্তির সাহায্যে জাফরকে উদ্ধারের চেষ্টা চলছে।
এদিকে আশুলিয়া ও ধামরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল শেখ বলেন, জাফর নামের কোনো ব্যক্তিকে ডিবি পুলিশ গ্রেপ্তার বা আটক করেনি।