সাভারে তরুণকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার পূর্ব জামগড়া এলাকায় গত বুধবার গভীর রাতে ইব্রাহীম খলিল (২৫) নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত ইব্রাহীম পূর্ব জামগড়া এলাকার আফতাব আলীর ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। আশুলিয়া থানার পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে একই গ্রামের নজরুল ইসলাম নামের এক তরুণ ইব্রাহীমের বাড়িতে গিয়ে দরজার কড়া নেড়ে তাঁকে জাগিয়ে তোলেন। এরপর জরুরি প্রয়োজনের কথা বলে তাঁকে ঘর থেকে ডেকে নিয়ে যান। এর পরপরই নজরুল তাঁকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ইব্রাহীমের মা আনোয়ারা বেগম বলেন, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বছর খানেক আগে নজরুলের সঙ্গে তাঁর ছেলের ঝগড়া হয়। এর জেরে নজরুল তাঁর ছেলেকে হত্যা করেন।
আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির বলেন ওই রাতেই নজরুলের বাড়িতে অভিযান চালানো হয়। কিন্তু এর আগেই ঘরে তালা দিয়ে ওই বাড়ির লোকজন পালিয়ে যান। তবে নজরুলের ঘর থেকে রক্তমাখা একটি গেঞ্জি ও লুঙ্গি উদ্ধার করা হয়েছে।