সাভারে তরুণকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে একটি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিমাদ্রী মণ্ডলকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাত থেকে তিনি নিখোঁজ। পুলিশ বলছে, হত্যার পর তাঁকে তুরাগ নদে ফেলে দেওয়া হয়েছে।
এ ঘটনায় শামীম হোসেন নামে হিমাদ্রীর এক সহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আদালতে দেওয়া জবানবন্দিতে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।
হিমাদ্রী মণ্ডল (২৪) সাতক্ষীরার আশাশুনি উপজেলার রবীন্দ্রনাথ মণ্ডলের ছেলে। তিনি সাভারের হেমায়েতপুরের প্রাণ কোম্পানির পরিবেশক জাহাঙ্গীর প্লাস্টিকের বিক্রয় প্রতিনিধি ছিলেন। তিনি থাকতেন পাশের সালেহপুর দক্ষিণপাড়া এলাকার একটি বাড়িতে। শামীমও ওই বাড়িতে থেকে একই কাজ করতেন।
সাভার মডেল থানার পুলিশ জানায়, শুক্রবার রাতের কোনো এক সময় হিমাদ্রীকে কুপিয়ে হত্যা করা হয়। এরপর হত্যাকারীরা লাশ নৌকায় তুলে সাভারের সলমাশি এলাকায় তুরাগ নদে ফেলে দেন। এর চার দিন পর শামীমকে আটক করা হলে তিনি হত্যাকাণ্ডের বর্ণনা দেন।
ছেলে হত্যার ঘটনায় রবীন্দ্রনাথ মণ্ডল গত বুধবার সাভার মডেল থানায় মামলা করেন। মামলায় শামীম ছাড়াও সেলিম ও এনায়েত নামের দুজনকে আসামি করা হয়েছে। রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, গত সোমবার প্রাণ কোম্পানির এক কর্মকর্তার মাধ্যমে ছেলে নিখোঁজ হওয়ার খবর পান তিনি। মঙ্গলবার সাভারে আসেন তিনি। ওই দিনই পুলিশের সহায়তায় শামীমকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি (শামীম) হিমাদ্রীকে হত্যার কথা স্বীকার করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন বলেন, শামীমকে বুধবার ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। আদালতে ১৬৪ ধারায় তাঁর জবানবন্দি লিপিবদ্ধ করা হয়। এর আগে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী হত্যার কিছু আলামত জব্দ করা হয়েছে। তবে গতকাল পর্যন্ত লাশের সন্ধান পাওয়া যায়নি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, শামীম, সেলিম ও এনায়েত পূর্বশত্রুতার জের ধরে হিমাদ্রীকে হত্যা করেছেন বলে আদালতে জবানবন্দিতে শামীম স্বীকার করেছেন।