সাভারে তরুণী ধর্ষণের শিকার?
ঢাকার সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকায় আত্মীয়ের বাসায় বেড়াতে এসে গত বুধবার রাতে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সাভার মডেল থানার পুলিশ জানায়, ওই তরুণী রোববার ধামরাই থেকে সাভারে তাঁর চাচাতো ভাইয়ের বাসায় বেড়াতে আসেন। বুধবার রাত আটটার দিকে দুই তরুণ দরজার কড়া নাড়েন। এ সময় দরজা খুলে দেওয়া হয়। এরপর দুই তরুণ ঘরে ঢুকেই ওই তরুণীসহ পরিবারের অন্যদের জিম্মি করেন। পরে তাঁরা তরুণীকে ধর্ষণ করে চলে যান। রাতেই ওই তরুণী থানায় অভিযোগ দেন।
ওই তরুণী বলেন, ঘটনার সময় তাঁর ভাবি ও চাচাতো বোন বাসায় ছিলেন। তাঁদের সামনেই দুই তরুণ ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন। এ সময় তাঁর ভাবির চিৎকারে বাসার কাছে থাকা চাচাতো ভাই ছুটে এসে তরুণদের ধরার চেষ্টা করেন। তবে তরুণেরা তাঁর ভাইকে মারধর করে দ্রুত পালিয়ে যান। এ বিষয়ে তাঁর ভাই দুই তরুণের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার সাভার মডেল থানায় মামলা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত দুই তরুণকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।