সাভারে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঢাকার সাভারে গত মঙ্গলবার রাতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রাকিব হোসেন নামের একজনকে আটক করেছে।
পুলিশ জানায়, মাসখানেক আগে রাকিবের (২৫) সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। রাকিব ফলের ব্যবসা করেন। ওই তরুণী একটি পোশাক কারখানায় চাকরি করেন। বেশ কিছুদিন ধরে তাঁদের মধ্যে আলাপচারিতার পর প্রেমের সম্পর্ক হয়। সম্পর্কের সূত্র ধরে রাকিব মঙ্গলবার রাতে তরুণীকে একটি বাসায় নিয়ে যান। এরপর রাকিব ও আরও তিনজন তাঁকে ধর্ষণ করেন।
ওই তরুণী বলেন, রাকিব তাঁর বাসায় বেড়ানোর কথা বলে মঙ্গলবার তাঁকে সেখানে নিয়ে যান। ওই বাসায় তখন আর কেউ ছিল না। বাসায় যাওয়ার পর ভয়ভীতির মুখে রাকিব তাঁকে ধর্ষণ করেন। এরপর ওই বাসায় যান আরও তিনজন। তাঁরাও তাঁকে ধর্ষণ করে রাতভর সেখানে আটকে রাখেন। গতকাল বুধবার সকালে তাঁকে ছেড়ে দেওয়া হলে তিনি সাভার মডেল থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন।
গতকাল রাত সাড়ে আটটার দিকে যোগাযোগ করা হলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, তরুণীর লিখিত অভিযোগ পাওয়ার পর একজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশের অভিযান চলছে।