সাভারে তিতাসের অভিযান, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গতকাল রোববার ঢাকার সাভারে অভিযান চালিয়ে ৩ হাজার ৩০০ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ করেছে।
তিতাসের সাভার কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তিতাস কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালতের সহায়তায় গতকাল সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের সানকিভাঙ্গা ও রাজাঘাট এলাকায় গ্যাসের অবৈধ বিতরণ লাইন বিচ্ছিন্ন করতে অভিযান চালায়। আদালতের নেতৃত্বে ছিলেন সাভারের সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা অভিযানে ৩ হাজার ৩০০ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়। এই লাইনের আওতায় অন্তত তিন হাজার পরিবার প্রায় চার বছর ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছিল।
অবৈধ গ্যাস ব্যবহারকারীদের অনেকেই বলেন, বৈধ করে দেওয়ার আশ্বাস দিয়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা তাঁদের কাছ থেকে ৫০ থেকে ৭০ হাজার টাকা করে নিয়ে সংযোগের ব্যবস্থা করে দিয়েছিলেন। পরে তাঁরা সংযোগ বৈধ করে দেননি।