সাভারে দলীয় সভায় আ.লীগ নেতাকে মারধর
স্থানীয় সাংসদ এনামুর রহমানের উপস্থিতিতে দলীয় সভায় ছাত্রলীগের কিছু নেতা-কর্মী ঢাকার সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দারকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। সাংসদের বাসভবনে উপজেলা আওয়ামী লীগের সভা চলাকালে গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।
এ বিষয়ে সাংসদ এনামুর রহমান বলেন, নিয়মানুযায়ী সভা আহ্বান না করায় কিছুটা বিতর্কের সৃষ্টি হয়। এ নিয়ে নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে কিছু চেয়ার ছুড়ে মারেন। তবে সুনির্দিষ্টভাবে আলী হায়দারের ওপর কোনো হামলা হয়নি।
তবে সভায় উপস্থিত একাধিক নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ২ নভেম্বর আওয়ামী লীগের সমাবেশে লোকসমাগম নিয়ে গতকাল সকালে সাংসদ এনামুর রহমানের পৌর এলাকার তালবাগের বাসভবনে প্রস্তুতিমূলক সভা আহ্বান করা হয়। সাংসদ ও আলী হায়দার ছাড়াও ওই সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুখ হাসান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভেজ দেওয়ানসহ উপজেলার সব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন। সভায় দুপুর ১২টার দিকে মঞ্জুরুল আলম তাঁর বক্তব্যে সভা আহ্বানের বৈধতা নিয়ে প্রশ্ন তুললে উপস্থিত নেতাদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে কিছু বহিরাগতসহ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী আলী হায়দারের ওপর হামলা চালিয়ে তাঁকে মারধর করেন। এ সময় কিছু সময় স্থানীয় নেতা-কর্মীরা হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ি করেন। এর পরপরই সভা পণ্ড হয়ে যায়।
মঞ্জুরুল আলম বলেন, ‘আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী সভাপতির অনুমতি নিয়ে সভা আহ্বান করার নিয়ম। আমার বক্তব্যে আমি জানতে চেয়েছিলাম, এ সভাটি আনুষ্ঠানিক নাকি অনানুষ্ঠানিক? যদি আনুষ্ঠানিক হয়ে থাকে, তাহলে এ সভা আহ্বান নিয়ে আমার প্রশ্ন রয়েছে।
এরপরই সভাস্থলে উত্তেজনা দেখা দিলে কিছু চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। কোনো নেতার ওপর হামলার ঘটনা ঘটেনি।’ আলী হায়দার বলেন, সাংসদ এনামুর রহমানের পরামর্শে ওই সভা আহ্বান করা হয়। কিন্তু সভা চলাকালে ছাত্রলীগের কতিপয় নেতা-কর্মীসহ কিছু বহিরাগত সেখানে গিয়ে তাঁর ওপর হামলা চালান।