সাভারে দুই দিনে দুই তরুণীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উপকণ্ঠ সাভারের কাউন্দিয়া ইউনিয়নের দক্ষিণপাড়ার একটি বাড়ি থেকে পুলিশ গত সোমবার রাতে বস্তাবন্দী এক তরুণীর লাশ উদ্ধার করেছে। এর আগের দিন রোববার তেঁতুলঝোড়া এলাকার বংশী নদী থেকে আরও এক তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। দুটি লাশেরই পরিচয় পাওয়া যায়নি।
সাভার মডেল থানা সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি তাঁর স্ত্রী পলি আক্তারকে নিয়ে দক্ষিণপাড়া গ্রামের সিরাজুল ইসলামের বাড়ির চারতলার ফ্ল্যাটে ভাড়া থাকতেন। গত ৩০ অক্টোবর তাঁরা বাসা ছেড়ে চলে যান। এর পর থেকে ফ্ল্যাটটি তালাবদ্ধ ছিল। ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে বাড়ির মালিক গত সোমবার রাতে সাভার মডেল থানার পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ওই ফ্ল্যাট থেকে এক তরুণীর লাশ উদ্ধার করে। লাশটি কাঁথা দিয়ে মোড়ানো অবস্থায় একটি বস্তার ভেতরে রাখা ছিল।
বাড়ির মালিক সিরাজুল ইসলাম বলেন, আনোয়ার গত মাসে বাসা ছেড়ে দেওয়ার প্রায় ১৫ দিন আগে তাঁর স্ত্রী বাড়ি থেকে চলে যান। এর কয়েক দিন পর গত ৩০ অক্টোবর ফ্ল্যাটে তালা দিয়ে চলে যান আনোয়ার। এর পর থেকে ফ্ল্যাটটি তালাবদ্ধ ছিল।
সাভার থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা বলেন, এ ঘটনার সঙ্গে আনোয়ারের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত রোববার সাভারের তেঁতুলঝোড়া এলাকার বংশী নদী থেকে এক তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বলেন, দুর্বৃত্তরা ওই তরুণীকে শ্বাসরোধে হত্যার পর লাশ নদীতে ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে। দুটি ঘটনায় পুলিশ বাদী হয়ে সাভার থানায় হত্যা মামলা করেছে বলে জানান তিনি।