সাভারে দুটি মন্দির পোড়ানোর চেষ্টা?
ঢাকার অদূরে সাভারে দুটি মন্দির পোড়ানোর চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বিরুলিয়া ইউনিয়নের মৈস্তাপাড়া এলাকায় গত মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে ওই এলাকার লোকজনগতকাল বুধবার বিকেলে মন্দিরের সামনে সমাবেশ করে। সমাবেশ থেকে জানানো হয়, মৈস্তাপাড়া এলাকায় নবাব এস্টেটের ৮০টি পরিবার বসবাস করে। সরকারি অর্থায়নে তাঁদের একটি দুর্গা ও একটি কালীমন্দির নির্মাণ করে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে ওই মন্দিরের পেছনে কে বা কারা আগুন ধরিয়ে দেয়।
সমাবেশে সমিতির সভাপতি পরিমল আদিবাসী বলেন, তাঁরা ৩০০ বছরেরও বেশি সময় ধরে বংশপরম্পরায় ওই এলাকায় নবাব এস্টেটে বসবাস করে আসছেন। প্রায় আট বছর আগে এক নারী ক্রয় সূত্রে মালিকানা দাবি করে দখিনা সিটি নামের একটি আবাসন প্রকল্প গড়ে তোলেন। এরপর থেকে তাঁদের উচ্ছেদের তৎপরতা চালানো হচ্ছে।
স্থানীয় বিরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য সেলিনা আক্তার বলেন, আবাসন প্রকল্প গড়ে তোলার পর থেকে এখানের বাসিন্দাদের নানাভাবে হয়রানি করা হচ্ছে।
জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ‘মন্দির পুড়িয়ে দেওয়ার চেষ্টার কোনো তথ্য আমার জানা নেই। এ রকম কোনো অভিযোগ পাওয়া যায়নি।’