সাভারে দেবরের হাতে বৌদি খুন
ঢাকার সাভারে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার পৌর এলাকার কাতলাপুর মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম আলপনা দেব নাথ (২৩)। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমানপুর গ্রামের পদ চন্দ্র সরকারের স্ত্রী। গত জানুয়ারি মাসে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়।
পদ ও তাঁর ভাই কাজল চন্দ্র সরকার, বোন দুলালি রানী সরকার এবং ভগ্নিপতি সাধন সরকার সাভারের কাতলাপুর এলাকায় থেকে বিভিন্ন পোশাক কারখানায় চাকরি করেন। পাশের এলাকায় শ্যালক সবুজ দেবনাথ ও তাঁর স্ত্রী সুপ্রিয়া দেবনাথকে নিয়ে থাকেন আলপনার বড় ভাই শ্যামল চন্দ্র দেবনাথ। বিয়ের মাস খানেক পর কাজল তাঁর বৌদি আলপনাকে কাতলাপুরের ওই বাসায় নিয়ে আসেন।
সাভার মডেল থানার পুলিশ জানায়, আজ বিকেল চারটার দিকে কাজল শ্যামলের বাসায় যান। এর আগে আলপনাকে তাঁর ভাই ওই বাসায় নিয়ে যান। কাজল শ্যামলের বাসায় যাওয়ার পরপরই আলপনাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে গলায় ছুরির আঘাত করে দ্রুত পালিয়ে যান। আলপনা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
সুপ্রিয়া জানান, আলপনা সাভারে তাঁর স্বামীর কাছে আসার পর থেকেই কাজল তাঁকে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকেন। প্রতিদিনের মতো আজ সকালে কাজল ও আলপনার স্বামী পদ চন্দ্রসহ অন্যরা (পদর বোন ও ভগ্নিপতি) কর্মস্থলের উদ্দেশে বাসা থেকে বের হওয়ার পর আলপনা একাই ওই বাসায় ছিলেন। এর কিছু সময় পর কাজল একা বাসায় ফিরে আলপনাকে তাঁর কথামতো চলতে অনুরোধ জানান। রাজি না হওয়ায় কাজল তাঁর (আলপনা) হাত বেঁধে তাঁকে নানাভাবে ভয় দেখান। পরে কাজলের কথামতো চলবেন বলে জানালে তাঁর বাঁধন খুলে দেওয়া হয়। এরপর কাজল বাসা থেকে বের হলে আলপনা বিষয়টি তাঁর বড় ভাই শ্যামল দেবনাথকে জানান। দুপুরের খাবার বিরতির সময় বাসায় ফেরার পথে শ্যামল তাঁর বোনকে স্বামীর বাসা থেকে তাঁদের বাসায় নিয়ে আসেন। তাঁদের বাসায় আসার পর আলপনা তাঁর কাছে এসব কথা জানান।
তিনি বলেন, আলপনা মেঝেতে বসা ছিলেন আর তিনি ভাত খাচ্ছিলেন। ঠিক ওই সময় কাজল তাঁদের বাসায় ঢুকে আলপনাকে পেছন থেকে জাপটে ধরে ছুরি দিয়ে গলায় আঘাত করে পালিয়ে যান।
বাড়ির মালিক খোকন দাসের স্ত্রী চন্দনা দাস বলেন, ঘটনার সময় সুপ্রিয়ার চিৎকারে তিনি এগিয়ে যান। এ সময় তিনি কাজলকে একটি ছুরি হাতে দৌড়ে ঘর থেকে বের হয়ে যেতে দেখেন।
এসব বিষয়ে জানতে চাইলে আলপনার স্বামী পদ চন্দ্র সরকার বলেন, তাঁর ভাই কাজলই তাঁর স্ত্রীকে হত্যা করেছেন। তবে কেন হত্যা করেছেন, তা তিনি জানেন না। এ ব্যাপারে তিনি গতকাল সাভার মডেল থানায় মামলা করেছেন।
মৃত্যুর আগে সুপ্রিয়ার কাছে তাঁর ভাইয়ের বিরুদ্ধে স্ত্রীর নানা অভিযোগের কথা তুলে ধরলে তিনি কোনো মন্তব্য না করে এড়িয়ে যান।
জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, প্রেমে ব্যর্থ হয়েই কাজল তাঁর বৌদিকে হত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।