সাভারে দেড় মাসে তিন শিশু নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে গত দেড় মাসে তিন শিশু নিখোঁজ হয়েছে। আজ সোমবার সন্ধ্যা পর্যন্তও তাদের সন্ধান পাওয়া যায়নি। অপহরণ বা আটক রাখার কথা বলে কেউ মুক্তিপণও দাবি করেনি নিখোঁজদের পরিবারের কাছে। এদিকে সাভার থেকে অপহরণের ১২ ঘণ্টা পর মানিকগঞ্জ থেকে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

গত ২১ জানুয়ারি আশুলিয়ার জিরাবো এলাকা থেকে নিখোঁজ হয় আরফাউল (৭) ও তার খালাত ভাই ইমন বাবু (৬)। তারা দুজনই স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। আরফাউল রংপুরের মিঠাপুকুর উপজেলার কাশেপুর গ্রামের চাঁনমিয়ার ছেলে আর ইমন একই এলাকার আইয়ুব আলীর ছেলে। চাঁনমিয়া জিরাবো এলাকায় থেকে দীর্ঘদিন ধরে চায়ের দোকান করেন আর তাঁর স্ত্রী আক্তারা বানু চাকরি করেন পোশাক কারখানায়। ইমনের বাবা আইয়ুব আলীও ওই এলাকায় থেকে পোশাক কারখানায় চাকরি করেন।
চাঁনমিয়া বলেন, ছেলে আরফাউল গত ২১ জানুয়ারি বিকেলে তাঁর (চাঁনমিয়া) ভায়রার ছেলে ইমনকে নিয়ে বাড়ির পাশে ফাঁকা স্থানে খেলতে যায়। এর পর আর তারা বাসায় ফেরেনি। বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।
ইমনের বাবা আইয়ুব আলী বলেন, তাঁর ছেলে ইমন আর ভাগনে আরফাউলের সন্ধান না পেয়ে ২২ জানুয়ারি তাঁরা আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পর গত ১২ দিনেও পুলিশ তাঁদের উদ্ধার করতে পারেনি।
গত বছরের ২২ ডিসেম্বর আশুলিয়ার ধনিয়া এলাকা থেকে নিখোঁজ হয় সুমন মিয়ার ছেলে শাওন (৫)। ৪২ দিনেও তার সন্ধান পাওয়া যায়নি। সুমন মিয়া বলেন, ২২ ডিসেম্বর বিকেলে প্রতিবেশীদের বাচ্চাদের সঙ্গে তাঁর ছেলে বাড়ির পাশে বালুর মাঠে খেলতে গিয়ে আর বাসায় ফেরেনি। এর পর অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি। তাঁর কাছে কোনো টাকাও দাবি করেনি কেউ। তিনি বলেন, ছেলের খোঁজ না পেয়ে ওই বছরের ২৪ ডিসেম্বর তিনি আশুলিয়া থানায় জিডি করেছেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, কোনো চক্র টাকার জন্য তাদের অপহরণ করে থাকলে মুক্তিপণ দাবি করার কথা। কিন্তু একটি পরিবারের কাছেও এ পর্যন্ত টাকা দাবি করা হয়নি। নিখোঁজ হওয়ার কোনো সূত্রও দিতে পারছে না পরিবারগুলো। এর পরেও তাদের উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করে যাচ্ছে।
সাভারে অপহৃত মানিকগঞ্জে উদ্ধার: সাভার থেকে অপহরণের ১২ ঘণ্টা পর গত শনিবার রাত তিনটার দিকে মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে সিহাব নামে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ সিহাবের চাচা আলমকে গ্রেপ্তার করেছে। আলম আদালতে দেওয়া জবানবন্দিতে অপহরণের কথা স্বীকার করেছেন।
সিহাব সাভার পৌরসভার ভাগলপুরের সৌদিপ্রবাসী সাব্বির মিয়ার ছেলে। সে স্থানীয় একটি স্কুলের নার্সারির ছাত্র।
সাভার মডেল থানার পুলিশ জানায়, বাড়ির পাশে খেলার সময় শনিবার বিকেল চারটার দিকে আলম চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে সিহাবকে অপহরণ করেন। এর পর তাঁর মা শুভা আক্তারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে তিনি বিষয়টি সাভার মডেল থানাকে জানালে পুলিশ ওই দিন রাত তিনটার দিকে সিঙ্গাইরের জামির্তা এলাকার একটি শ্যালো মেশিনের ঘর থেকে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে সিহাবের মা শুভা আক্তার গতকাল রোববার সাভার মডেল থানায় মামলা করেছেন।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ আল মামুন বলেন, আদালতে দেওয়া জবানবন্দিতে আলম তাঁর ভাতিজা সিহাবকে অপহরণ করার কথা স্বীকার করেছেন।