সাভারে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ঢাকার সাভারে গত শনিবার রাতে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার মডেল থানার পুলিশ ও ওই ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, সাভারের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ওই শিক্ষক বৃহস্পতিবার ওই স্কুলছাত্রীকে কৌশলে অপহরণ করে রাজধানীর একটি হোটেলে নিয়ে যান। এরপর একটি কক্ষে আটকে রেখে তাকে ধর্ষণ করেন তিনি। পরদিন আশুলিয়ার জিরাবো এলাকায় মেয়েটিকে ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে সেখান থেকে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে অভিযান চালিয়ে শনিবার রাতে সাভার থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

মেয়েটির বাবা বলেন, শিক্ষক-ছাত্রীর সম্পর্কের সূত্র ধরে ওই শিক্ষক মুঠোফোনে কল করে তাঁর মেয়েকে সাভারের একটি জায়গায় যেতে বলেন। তাঁর মেয়ে সেখানে যাওয়ামাত্র তাকে অপহরণ করা হয়। মেয়েকে না পেয়ে তিনি ওই দিনই সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সামসুল হক বলেন, মেয়েটির বাবা ওই শিক্ষকের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করেছেন। শিক্ষককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মেয়েটিকে গাজীপুর ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে।