সাভারে ধর্ষণের শিকার স্কুলছাত্রী
ঢাকার সাভারের ডগরমোড়া এলাকায় এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
এ ঘটনায় শিশুটির বাবা গতকাল রোববার সাভার মডেল থানায় মামলা করেছেন। এরপরই চিকিৎসার জন্য মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শিশুটির বাবা অভিযোগ করেন, তিনি ডগরমোড়া এলাকার একটি বাড়ি দেখাশোনার কাজ করেন। ওই এলাকারই বখাটে যুবক সাইফুল ইসলাম (১৮) তাঁর মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিল। যুবকের পরিবারকে বিষয়টি জানানোর পরও তাকে নিবৃত্ত করার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
মামলার বাদীর ভাষ্যমতে, প্রাইভেট পড়ার জন্য গত শনিবার সকালে তাঁর মেয়ে স্কুলে যাচ্ছিল। পথে সাইফুলের সঙ্গে দেখা হলে সে তাঁর মেয়েকে কৌশলে তাদের বাড়িতে নিয়ে যায় ও ধর্ষণ করে। ঘটনার সময় ওই বাড়িতে কেউ ছিল না।
কয়েকজন প্রতিবেশীর সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার পর এলাকার মাতব্বরেরা সাইফুলের সঙ্গে মেয়েটিকে বিয়ে দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। গতকাল সাইফুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন শিশুটির বাবা।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।