ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সাততলা থেকে ফেলে নবজাতককে হত্যার দায় স্বীকার করেছেন বাবা ফজল হক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এ কথা স্বীকার করেন বলে দাবি করেছে পুলিশ।
তবে ফজলের পরিবারসহ তাঁর শ্বশুরবাড়ির পক্ষেরও কয়েকজনের অভিযোগ, ফজলকে নির্যাতন করে পুলিশ এই স্বীকারোক্তি আদায় করেছে। যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে।
তবে ফজলের শ্বশুর নুরুল ইসলাম জামাতার বিরুদ্ধে নবজাতককে হত্যার অভিযোগ এনে গতকাল মঙ্গলবার সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পর ফজল হককে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত সোমবারই জিজ্ঞাসাবাদের জন্য ফজল হক ও তাঁর এক আত্মীয়কে আটক করা হয়েছিল। মামলার পর ওই আত্মীয়কে ছেড়ে দেওয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফজল হক সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, সোমবার রাতে স্ত্রী নুরুন্নাহার আক্তার তাঁর অসুস্থ নবজাতক ছেলে ও ফুপু জবেদা বেগমকে নিয়ে হাসপাতালের কেবিনে একই বিছানায় ঘুমিয়ে ছিলেন। ফজল হক ছিলেন তাঁদের পাশের বিছানায়। ভোর চারটার দিকে তিনি (ফজল) নবজাতককে সেখান থেকে নিয়ে কেবিনের জানালা দিয়ে নিচে ছুড়ে ফেলে দেন। এরপর ঘুমের ভান করে শুয়ে থাকেন।
এসআই আসাদুজ্জামান বলেন, ফজল হক জানিয়েছেন, সন্তান অসুস্থ হওয়ার পর তাঁর ধারণা জন্মে নবজাতকটি প্রতিবন্ধী হতে পারে। তাঁর পরিচিতজনসহ স্বজনেরাও তাঁকে এমনই ধারণা দেন। এসব কারণে মানসিক অবসাদ থেকে তিনি ছেলেকে হত্যার সিদ্ধান্ত নেন।
এদিকে ফজলের মা ফজিলা বেগম বলেন, তাঁর ছেলে ওই নবজাতককে হত্যা করেনি। অন্য কেউ এ কাজ করে তাঁর ছেলেকে ফাঁসিয়ে দিয়েছে।
শিশুটির মা নুরুন্নাহারের খালা নাছরিন বেগম বলেন, তাঁর ভাগনি জামাতা হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে না। পুলিশ তাঁকে নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করেছে।
গতকাল মঙ্গলবার বেলা দেড়টায় পুলিশ ফজলকে থানাহাজত থেকে বের করে আনার সময় ফজল ভালোভাবে হাঁটাচলা করতে পারছিলেন না।
তবে তদন্তকারী কর্মকর্তা ফজলের ওপর নির্যাতনের কথা অস্বীকার করেন।
এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গুরুতর অসুস্থ অবস্থায় চার দিন বয়সের ওই নবজাতককে গত ৬ জুলাই তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ দিন চিকিৎসার পর গত বুধবার তাকে ১১ তলা ভবনের সাত তলার ৭১৬ নম্বর কেবিনে নেওয়া হয়। সোমবার ভোর চারটার দিকে ভবনটির পাশের একটি চারতলা ভবনের ছাদে ওই নবজাতককে পাওয়া যায়। পরে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে।