সাভারে নারীকে গলা কেটে ও নারায়ণগঞ্জে তরুণকে পিটিয়ে হত্যা
ঢাকার আশুলিয়ার কাঠগড়ার নয়াপাড়া এলাকায় হাসিনা বেগম (৩২) নামের এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গত শনিবার মুঠোফোন চুরির অভিযোগে নাঈম আহম্মেদ (১৮) নামের এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
আশুলিয়া থানা সূত্রে জানা গেছে, হাসিনা মানিকগঞ্জের দৌলতপুরের জিয়নপুর গ্রামের লোকমান তালুকদারের মেয়ে। কয়েক বছর আগে স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর ছোট ছেলে বিজয়কে (৫) নিয়ে হাসিনা নয়াপাড়ায় বসবাস শুরু করেন। সেখানে তিনি একটি ভাড়া বাসায় থেকে মানুষের বাড়িতে কাজ করতেন। গত শনিবার রাতে বিজয়কে নিয়ে হাসিনা বাসায় ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁকে গলা কেটে হত্যা করে ঘরেই লাশ ফেলে রেখে যায়। গতকাল সকালে ঘুম থেকে উঠে বিজয় মায়ের লাশ দেখে কান্নাকাটি করতে থাকে। তার কান্না শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে হাসিনার গলা কাটা লাশ দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে হাসিনাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হাসিনার মা কমলা বেগম গতকাল থানায় একটি মামলা করেছেন। মামলায় সন্দেহভাজন কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নাঈমের মা ঝর্ণা বেগম বলেন, তাঁদের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে। তাঁরা নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকার ফরিদ মাতবরের বাড়িতে ভাড়া থাকেন। হাজীগঞ্জ এলাকার বাড়ি থেকে নাঈমকে মুঠোফোন চুরির অভিযোগ এনে সিদ্ধিরগঞ্জের তালতলা এলাকায় নিয়ে যান যুবলীগ নামধারী সন্ত্রাসী আমির হোসেনের লোকজন। সেখানে নাঈমকে পিটিয়ে গুরুতর আহত করেন আমির হোসেন, তাঁর সহযোগী সাইফুল ইসলাম, সামসুন্নাহার, আলী আহামেদ, আলী আক্কাছ ও লিটন হাওলাদার। খবর পেয়ে তিনি ছেলেকে বাঁচাতে গেলে তাঁকেও তাঁরা মারধর করেন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় নাঈমকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর ঝর্ণা তাঁর ছেলের লাশ দাফন করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তাঁর এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ গতকাল সকালে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ব্যাপারে কথা বলতে আমির হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়। এ ছাড়া তাঁর অন্য সহযোগীরা পলাতক রয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. সরাফত উল্লাহ জানান, কী কারণে নাঈমকে পিটিয়ে হত্যা করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় ঝর্ণা বেগম বাদী হয়ে গতকাল একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় লিটন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।