সাভারে নির্মাণাধীন প্রতিষ্ঠানে চাঁদাবাজির অভিযোগ, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আকরাইন এলাকায় নির্মাণাধীন একটি প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে গত শনিবার দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে পৌর এলাকার আড়াপাড়া মহল্লা থেকে দুটি আগ্নেয়াস্ত্রসহ দুজনকে আটক করেছে পুলিশ।
চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আকরাইন গ্রামের মো. সোহেল ও একই এলাকার একটি বাড়ির তত্ত্বাবধায়ক ফারুক হোসেন। আর আগ্নেয়াস্ত্রসহ আটক ব্যক্তিরা হলেন আড়াপাড়ার মজিবর রহমান ও উত্তরপাড়ার বাবু ।
নির্মাণাধীন ওই প্রতিষ্ঠানটির নাম ‘স্যামসাং ক্লাইমেট কন্ট্রোল মিটার কোম্পানি’। এর অবকাঠামো নির্মাণকাজের দায়িত্বে নিয়োজিত আছে ঠিকাদারি প্রতিষ্ঠান টিএসসি ইঞ্জিনিয়ারিং লিমিটেড। টিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের মালিক নাহিদ রেজা বলেন, শনিবার বিকেলে আকরাইন এলাকায় নির্মাণাধীন প্রতিষ্ঠানে গিয়ে তাঁর (নাহিদ) কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন সোহেল। চাঁদার দুই লাখ টাকা নগদ এবং বাকি টাকা পর্যায়ক্রমে পরিশোধ করতে বলেন সোহেল। তিনি চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সোহেল দুটি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেন এবং নানা হুমকি-ধমকি দিয়ে চলে যান। এ সময় সেখানে উপস্থিত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জাইকিন মুনের প্রতিনিধি কোরীয় নাগরিক মিস্টার লি ও কর্মকর্তা মালয়েশিয়ার নাগরিক লেনাট ভয়ে পালিয়ে যান।
নাহিদ রেজা বলেন, স্যামসাং ক্লাইমেট কন্ট্রোল মিটার কোরিয়ার স্যামসাং কোম্পানির একটি সহযোগী প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানে আগামী জুন থেকে গ্যাস, বিদ্যুৎ ও পানির প্রিপেইড মিটার উৎপাদন করা হবে।
সাভার মডেল থানার এসআই জাকারিয়া হোসেন বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে আকরাইন এলাকা থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী একই এলাকার ওয়াদুদ খানের বাড়ির তত্ত্বাবধায়ক ফারুক হোসেনের কাছ থেকে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়। এসআই বলেন, এ ঘটনায় গতকাল রোববার সাভার মডেল থানায় মামলা হয়েছে। মামলা দায়েরের পর সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে গতকালই দুজনকে ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়।
পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ফারুক হোসেন বলেন, শনিবার সন্ধ্যায় সোহেল তাঁর কাছে পিস্তল ও গুলি রেখে যান। তিনি ভয়ে তা রাখতে বাধ্য হন। তিনি চাঁদাবাজির সঙ্গে যুক্ত নন।
এদিকে সাভার মডেল থানার এসআই শাহীন মোল্লা বলেন, গতকাল সন্ধ্যায় সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লায় মজিবর রহমানের বাসায় অভিযান চালিয়ে একটি রিভলবার ও একটি গুলি উদ্ধার করা হয়। এ সময় মজিবর ও তাঁর সহযোগী বাবুকে আটক করা হয়।