সাভারে নিহত যুবদলের নেতার স্বজনদের হুমকির অভিযোগ
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি অভিযোগ করেছে, সাভার পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ আলমকে কথিত বন্দুকযুদ্ধের নামে হত্যা করার পর এখন তাঁর পরিবার ও স্থানীয় নেতা-কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে।
গতকাল মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। শাহ আলম হত্যার প্রতিবাদে বুধবার (আজ) ঢাকা জেলার সব থানা ও পৌরসভায় বিক্ষোভ, সারা দেশে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ কর্মসূচি দিয়েছে যুবদল।
যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সালাম আজাদ এই কর্মসূচি ঘোষণা করে বলেন, সাভার যুবদলের নেতা শাহ আলমকে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে পুলিশ ধরে নিয়ে যায় এবং পরে গত শুক্রবার গভীর রাতে বন্দুকযুদ্ধের নামে গুলি করে হত্যা করা হয়। এরপর থেকে পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে তাঁরা যেন এ বিষয়ে কোনো কথা না বলেন। গতকালের সংবাদ সম্মেলনে শাহ আলমের পরিবারের সদস্যদের উপস্থিত থাকার কথা থাকলেও তাঁরা ভয়ে আসতে পারেননি বলে জানান তিনি।