সাভারে পরিবহনের মিস্ত্রিকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের বলিয়ারপুর এলাকার এনআর ফিলিং স্টেশনের ব্যবস্থাপকসহ কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে শ্যামলী পরিবহনের প্রধান মিস্ত্রি আসিফ সরদারকে (৪৫) হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে ফিলিং স্টেশনের এক কোনায় মাটি খুঁড়ে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
এনআর ফিলিং স্টেশনের মালিক শ্যামলী পরিবহনের মালিক রমেশ ঘোষ ও তাঁর ছোট ভাই রমণী ঘোষ।
আসিফ সরদারের বাড়ি পাবনা সদর উপজেলা চরবঙ্গাবাড়িয়া গ্রামে। তিনি রাজধানীর মিরপুরের মাজার রোডের বাতেননগর এলাকায় থাকতেন। তাঁর কর্মস্থল ছিল এনআর ফিলিং স্টেশন।
সাভার মডেল থানা-পুলিশ সূত্রে জানা গেছে, জমিজমা ও ব্যবসা নিয়ে রমেশ ঘোষ ও রমণী ঘোষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রমেশের সঙ্গে আসিফের সম্পর্ক ভালো ছিল। রমেশ তাঁর ঘনিষ্ঠজন হিসেবে আসিফের মাধ্যমে নানা তথ্য সংগ্রহ করতেন। এ কারণে রমণীর শ্যালক ও এনআর ফিলিং স্টেশনের ব্যবস্থাপক শষ্টি ঘোষ তাঁকে হত্যার পরিকল্পনা করেন। পুলিশ সেখান থেকে গতকাল সন্ধ্যা সাতটার দিকে তাঁর লাশ উদ্ধার করে।
আসিফের শ্যালক মো. মাসুদ অভিযোগ করেন, দুই ভাইয়ের দ্বন্দ্বের জের ধরে রমণী ঘোষের ইঙ্গিতেই শষ্টি ঘোষ তাঁর ভগ্নিপতিকে হত্যার পর লাশ গুম করার চেষ্টা করেন। এ ব্যাপারে রমেশ ঘোষ ও রমণী ঘোষের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁদের পাওয়া যায়নি।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাকারিয়া হোসেন বলেন, গতকাল লুৎফর, নকুল, নরায়ন ও আজিম নামে ওই ফিলিং স্টেশনের চার কর্মচারীকে আটক করা হয়। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল রাতে আসিফের লাশ উদ্ধার করা হয়। তাঁর দুই পায়ের রগ কাটা ও দুই চোখই ওপড়ানো ছিল। এ ব্যাপারে নিহত আসিফ সরদারের ছেলে কামরুজ্জামান গতকাল মামলা করেছেন।