সাভারে পুড়িয়ে দেওয়া হলো মুদি দোকান
ঢাকার সাভার পৌর এলাকার উত্তর তালবাগ মহল্লায় ওমর ফারুক নামের এক ব্যবসায়ীর মুদি দোকান আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ওমর ফারুক বলেন, বছর খানেক ধরে উত্তর তালবাগের শীলন চৌধুরীর আধা পাকা একতলা ভবনের ছোট একটি দোকান ভাড়া নিয়ে তিনি ব্যবসা করছেন। তাঁর দোকানের সামনে ফাঁকা স্থানে আবর্জনা ফেলেন স্থানীয় বাসিন্দারা। এতে তাঁর দোকান থেকে লোকজন মালামাল কিনতে অনীহা প্রকাশ করেন। গত বুধবার বিকেলে সেখানে ময়লা ফেলেন প্রতিবেশী বেলায়েত হোসেনের স্ত্রী বিউটি বেগম। তিনি স্থানীয় সাংসদ এনামুর রহমানের শ্যালক আবদুল আলীম ওরফে সোহাগের খালা। এ নিয়ে বিউটি বেগমের সঙ্গে তাঁর (ওমর) বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে বৃহস্পতিবার বেলায়েত তাঁর দোকানে গিয়ে নানা হুমকি দিয়ে আসেন। গতকাল শুক্রবার ভোরে তাঁর দোকান আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
এ ঘটনায় সকালে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেন ওমর ফারুক। কিন্তু থানার এএসআই আনিসুজ্জামান টাকা ছাড়া আইনগত সহায়তা দেওয়া সম্ভব নয় বলে তাঁকে বিদায় করে দেন বলে ওমর ফারুক জানান। তবে আনিসুজ্জামান অভিযোগ অস্বীকার করেন।
বাড়ির মালিক শীলন চৌধুরী বলেন, ‘দোকানসহ আমার বাসার সবাইকে পুড়িয়ে হত্যার উদ্দেশ্যেই আগুন দেওয়া হয়।’
আবদুল আলীম বলেন, ময়লা ফেলা নিয়ে তাঁর খালা বিউটি বেগমের সঙ্গে ওমরের বাগ্বিতণ্ডা হয়েছে। তবে এর সঙ্গে অগ্নিকাণ্ডের ঘটনার কোনো সম্পর্ক নেই।
থানার ওসি মোতালেব হোসেন মিয়া বলেন, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।