সাভারে পোশাকশ্রমিকদের আটকে রাখার অভিযোগ
‘ওরা আমাদের দুই মাসের বেতন ও ঈদ বোনাস না দিয়ে পালিয়ে গেছে। উল্টো আমাদের তালা মেরে আটকে রেখেছে। দয়া করে আমাদের বাঁচান’—চিরকুটে এসব লিখে উদ্ধারের অনুরোধ জানান ঢাকার সাভারের একটি পোশাক কারখানার ভেতরে আটকে পড়া আড়াই শতাধিক শ্রমিক। বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে আন্দোলনরত এসব শ্রমিককে আজ বৃহস্পতিবার রাতে কারখানার ভেতরে আটকে রাখা হয়েছিল।
শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাভার বাসস্ট্যান্ড এলাকার চৌরঙ্গী সুপার মার্কেটের পাঁচ ও ছয়তলার অ্যাডরন নিটওয়্যার লিমিটেডের আড়াই শতাধিক শ্রমিক গত জুলাই মাস থেকে বেতন পান না। তাঁদের ঈদের বোনাসও দেওয়া হয়নি। এসব কারণে শ্রমিকেরা গত কয়েক দিন ধরে আন্দোলন করে আসছিলেন। শ্রমিকদের আন্দোলনের মুখে মালিকপক্ষ আজ বৃহস্পতিবার তাঁদের বেতন ও বোনাস পরিশোধের আশ্বাস দিয়েছিল। কিন্তু দিনভর বসিয়ে রেখেও তাঁদের বেতন-বোনাস পরিশোধ করা হয়নি।
সাবিনা ইয়াসমিন, সেলিনা আক্তার, শিল্পী বেগমসহ আরও কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেছে, মালিকপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আজ সকালে তাঁরা কর্মস্থলে উপস্থিত হয়ে কাজে যোগ দেন। কাজ শেষে বিকেলে তাঁরা বেতন ও বোনাসের জন্য অপেক্ষা করতে থাকেন। ঘণ্টা খানেক অপেক্ষা করার পরেও মালিকপক্ষের লোকজন টাকা নিয়ে কারখানায় উপস্থিত না হওয়ায় তাঁরা কারখানার ভেতরে বিক্ষোভ করতে থাকেন। এ অবস্থায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভবনের মালিক তাঁদের ভেতরে রেখে বাইরে থেকে কারখানার মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। এ সময় তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তাঁরা ফটক ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়ে চিরকুট লিখে জানালা দিয়ে কারখানার বাইরে ফেলে স্থানীয় লোকজনের সহায়তা কামনা করেন।
চৌরঙ্গী সুপার মার্কেটের আশপাশের ব্যবসায়ী ও পথচারীরা জানান, শ্রমিকদের চিরকুট পড়ে তাঁরা সাভার থানাকে বিষয়টি অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা খুলে শ্রমিকদের উদ্ধার করে। কারখানার মানবসম্পদ কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, ‘শ্রমিকদের পক্ষ থেকে কারখানার যন্ত্রপাতি বিক্রি করে বেতন ও বোনাস পরিশোধের দাবি জানানো হয়েছিল। মালিকপক্ষ বাধ্য হয়ে তাতে সম্মতিও দিয়েছিল। সম্ভবত এ কারণেই ভবনমালিক শ্রমিকদের ভেতরে রেখে কারখানার মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়।’
শ্রমিকদের উদ্ধারের পর আজ রাত সাড়ে আটটার দিকে কারখানায় গিয়ে শ্রমিকদের কারখানার ভেতরেই বসে থাকতে দেখা যায়। এ সময় শ্রমিকদের অনেকেই বলেন, বেতন ও বোনাস না নিয়ে তাঁরা ঘরে ফিরবেন না। মুঠো ফোনে যোগাযোগ করা হলে কারখানার ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম চৌধুরী বলেন, ‘ভবনে ত্রুটি ধরা পড়ায় কলকারখানা অধিদপ্তর কারখানাটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। বিষয়টি বায়ার ও কর্তৃপক্ষকে জানানো হয়েছে অধিদপ্তর থেকে। এরপর থেকেই কারখানার কার্যক্রম স্থবির হয়ে পরে। শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের কথা চিন্তা করে কারখানাটি কোনো রকমে সচল রাখা হয়েছিল। এরপরও অর্থের সংস্থান না হওয়ায় বেতন ও বোনাসের টাকার জন্য যন্ত্রসহ মালামাল বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। সম্ভবত এ কারণেই ভবনমালিক কারখানায় তালা ঝুলিয়ে দেন।’
এ ব্যাপারে কথা বলার জন্য ভবনের মালিক বা তাঁর কোনো প্রতিনিধিকে পাওয়া যায়নি। মার্কেটের দ্বিতীয় তলায় ভবনমালিকের কার্যালয়ে গিয়েও তালা ঝুলতে দেখা যায়। শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ‘বেতন ও বোনাস না পেয়ে শ্রমিকেরা কারখানার ভেতরে বিক্ষোভ করছিলেন। একপর্যায়ে ভবনমালিক কারখানায় তালা ঝুলিয়ে দেন। মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের চেষ্টা করা হচ্ছে।’