সাভারে পোশাক কারখানার দেড় কোটি টাকা ছিনতাই
সাভারের হেমায়েতপুরে একটি তৈরি পোশাক কারখানার প্রায় ১ কোটি ৫৩ লাখ টাকা ছিনতাই হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ওই প্রতিষ্ঠানের একটি কারখানা থেকে আরেকটি কারখানায় টাকা স্থানান্তরের সময় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা এ সময় গুলি ছুড়লেও কেউ হতাহত হয়নি।
জানতে চাইলে ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান প্রথম আলোকে বলেন, ছিনতাইয়ের ঘটনাটি সন্দেহজনক। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।
কারখানার একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কের নাজিমনগর এলাকার অবনী কমপ্লেক্সের অবনী ফ্যাশনস লিমিটেডের শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল। সকালে একই গ্রুপের একটি প্রতিষ্ঠান থেকে বেতনের দুই কোটি টাকা নিয়ে চার কর্মকর্তা একটি গাড়িতে করে অন্য প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। কারখানা থেকে বের হওয়ার পরপরই মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গুলি করে ১ কোটি ৫৩ লাখ ৯৩ হাজার ১৩৬ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এর এক মাস আগে আশুলিয়ায় চলন্ত বাস থামিয়ে তিনজনকে গুলি করে ছয় লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
সাভারের হেমায়েতপুর থেকে আধা কিলোমিটার দূরে হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কের পাশে ঋষিপাড়া এলাকায় অবনী নিটওয়্যারের অবস্থান। এই কারখানা থেকে ২০০ গজ দূরে অবনী ফ্যাশনস। এখানে শ্রমিকের সংখ্যা ২ হাজার ৯০০।
অবনী কমপ্লেক্সের নির্বাহী পরিচালক নাজমুল ইসলাম বলেন, হেমায়েতপুর এলাকায় তাঁদের কমপ্লেক্সের আটটি প্রতিষ্ঠান রয়েছে। প্রতি মাসে প্রধান কার্যালয় থেকে এসব প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের বেতনের টাকা প্রথমে অবনী নিটওয়্যারে পৌঁছে দেওয়া হয়। তিনি বলেন, গতকাল গাড়িতে চারটি থলেতে ২ কোটি ১ হাজার ৬৫৫ টাকা ছিল। তিনটি থলে ছিল গাড়ির পেছনের ডালায় (ব্যাক ডালা)। আরেকটি থলে ছিল চালকের পেছনের আসনে।
ঘটনার প্রত্যক্ষদর্শী জাহিদ হাসান বলেন, তিনি ছিলেন চালকের পাশের আসনে। আর পেছনের আসনে ছিলেন নাসির উদ্দিন, মোহাম্মদ শহীদ ও আতিকুর রহমান। টাকাসহ তাঁদের বহনকারী গাড়িটি সোয়া ১২টার দিকে কারখানা থেকে বের হয়ে ১০০ গজ দূরে হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কের কাটা অংশ দিয়ে বিপরীত পাশে যায়। সাড়ে ১২টার দিকে গাড়িটি কাটা অংশ থেকে ৫০ গজ দূরে পৌঁছালে উল্টো দিক থেকে মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত গাড়ির সামনে এসে দাঁড়ায়। এর কয়েক সেকেন্ডের মধ্যে পেছন দিক থেকে দুটি মোটরসাইকেলে আরও চার দুর্বৃত্ত আসে। তাদের একজন চালকের আসনের পাশের কাচে গুলি করে। অন্যরা একটি ক্রিকেট ব্যাট দিয়ে চালকের আসনের পাশের গ্লাসসহ (কাচ) পেছনের আসনের বাম পাশের কাচ ভেঙে ফেলে। তারা গাড়িটির পেছনের ডালায় থাকা দুটি থলে ও পেছনের আসনে থাকা আরেকটি থলে নিয়ে চলে যায়। অবশ্য ব্যাক ডালায় থাকা আরেকটি থলে দুর্বৃত্তরা নেয়নি। ওই থলেতে ৪৬ লাখ ৮ হাজার ৫১৯ টাকা ছিল।
অবনী নিটওয়্যারের শ্রমিক বহনকারী বাসের চালক ফয়জুর রহমান বলেন, ঘটনার মিনিট দশেক আগে তিনি কারখানা ও ঘটনাস্থলের মাঝামাঝি স্থানে সড়কের বিপরীত পাশে খালেকের চায়ের দোকানে বসে চা পান করছিলেন। তখন দোকানের সামনে একটি মোটরসাইকেল ছিল। তার পাশেই দুই তরুণ দাঁড়িয়ে ছিলেন। ঘটনার মিনিট চারেক আগে তাঁদের একজনের মুঠোফোনে কল আসে। এরপরই তাঁরা মোটরসাইকেলে উঠে দ্রুত উল্টো পথে চলে যান।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, গতকালের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অবনী ফ্যাশনস লিমিটেডের উৎপাদন কর্মকর্তা নাসির উদ্দিন, অবনী নিটওয়্যারের জুনিয়র ম্যানেজার (ক্যাশ) জাহিদ হাসান, সহকারী হিসাবরক্ষক মোহাম্মদ শহীদ, মানবসম্পদ কর্মকর্তা সৈয়দ আতিকুর রহমান ও গাড়ির চালক জামাল উদ্দিনকে আটক করা হয়েছে।