সাভারে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের ফুলবাড়িয়া এলাকার এক পোশাক কারখানার নারীশ্রমিক ওই কারখানারই এক কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। এ ব্যাপারে তিনি গতকাল সোমবার সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, একই প্রতিষ্ঠানে চাকরির সুবাদে মাস সাতেক আগে তাঁর ফ্লোরের এক প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই কর্মকর্তা তাঁকে বিয়ে করার আশ্বাস দেন। ওই কর্মকর্তা তাঁকে সাভার পৌর এলাকার বাসায় নিয়ে ধর্ষণ করেন। এরপর থেকে তিনি ওই কর্মকর্তাকে বিয়ের কথা বলছেন। কিন্তু নানা অজুহাতে তিনি বিয়ের বিষয়টি এড়িয়ে যাচ্ছিলেন। উপায় না দেখে ওই নারী গত ৯ মে বিষয়টি কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। কর্তৃপক্ষ ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাঁকেই কারখানা থেকে বের করে দেয়। এর আগে জোর করে পদত্যাগপত্রে তাঁর সই নেওয়া হয়। প্রাপ্য বেতন-ভাতাও দেওয়া হচ্ছে না।
ওই নারী বলেন, গত রোববার বেতন দেওয়ার কথা বলে তাঁকে কারখানায় ডেকে নিয়ে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর দিতে বলা হয়। তিনি রাজি না হওয়ায় কয়েকজন কর্মকর্তা তাঁকে মারধর করে কারখানা থেকে বের করে দেন। ঘটনার পরই তিনি লিখিত অভিযোগ নিয়ে সাভার মডেল থানায় যান। এ সময় থানার নিরাপত্তার দায়িত্বে থাকা এক কনস্টেবল তাঁকে থানা থেকে তাড়িয়ে দেন। ওই সময় অভিযুক্ত কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন। তিনিও পুলিশের উপস্থিতিতে তাঁকে গালিগালাজ করেন। পরে স্থানীয় সাংবাদিকদের সহায়তায় তিনি গতকাল থানায় লিখিত অভিযোগ দিতে সক্ষম হন।
অভিযুক্ত ওই কর্মকর্তার সঙ্গে কথা বলতে কারখানায় গেলে নিরাপত্তাকর্মী ভেতরে ঢুকতে দেননি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা যায়নি।
কারখানার এক কর্মকর্তা মুঠোফোনে বলেন, ব্যক্তিগত সমস্যার কারণে ওই নারী চাকরি থেকে পদত্যাগ করেছেন। প্রতিষ্ঠানের কাছে তাঁর কিছু পাওনা রয়েছে। যাপরিশোধ করা হবে। কাঙ্ক্ষিত সময়ে ওই পাওনা না পেয়ে তিনি এ অভিযোগ এনেছেন।