সাভারে প্রকাশ্যে মাদক বিক্রি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার পৌর এলাকার বাড্ডা কসাইপাড়া, অমরপুর, কাঞ্চনপুর ও পোড়াবাড়ির অন্তত ২০ জন তরুণ-তরুণী প্রকাশ্যে মাদক বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক এ এফ এম সায়েদ বলেন, গত বুধবার দুপুরে বাড্ডা কসাইপাড়া ও পোড়াবাড়ি এলাকা থেকে ইমরান হোসেন (৩০) ও শহীদুল ইসলাম (৩৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি পুলিশ। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইমরানকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয় এবং শহীদুলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পোড়াবাড়ি, অমরপুর ও বাড্ডা কসাইপাড়া এলাকার কয়েক ব্যক্তি অভিযোগ করেন, ডিবির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বুধবার তাঁদের এলাকা থেকে ইমরান ও শহীদুল ছাড়াও কামাল নামের আরেক মাদক ব্যবসায়ীকে আটক করেন। কিন্তু ঘণ্টা খানেক পর টাকার বিনিময়ে কামালকে ছেড়ে দেন তিনি। আর মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে ১০ হাজার টাকা জরিমানা করিয়ে শহীদুলের ছাড়া পাওয়ার ব্যবস্থা করে দেন। তাঁরা বলেন, শহীদুল ও কামাল বড় ধরনের মাদক ব্যবসায়ী। তাঁরা এলাকায় ইয়াবার ডিলার হিসেবে পরিচিত। ইমরান ওই দুজনের তুলনায় ক্ষুদ্র ব্যবসায়ী।
সরেজমিনে জানা গেছে, বাড্ডা কসাইপাড়া, অমরপুর, কাঞ্চনপুর ও পোড়াবাড়ি এলাকার ২০-২৫ জন তরুণ-তরুণী আবারও মাদক ব্যবসা শুরু করেছেন। তাঁদের অধিকাংশই বেদে সম্প্রদায়ের লোক। তাঁদের কেউ কেউ একাধিকবার মাদকসহ গ্রেপ্তার হয়েছেন। স্থানীয় লোকজন জানান, পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক পদে পদোন্নতি পেয়ে সদ্য বদলি হওয়া ঢাকার পুলিশ সুপার হাবিবুর রহমান বেদে সম্প্রদায়ের ভাগ্য পরিবর্তনে নানা উদ্যোগ নেন। এরপর অনেকে মাদক ব্যবসা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু সম্প্রতি তাঁরা আবার ওই ব্যবসায় ঝুঁকেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বেদে সম্প্রদায়ের কয়েকজন সরদার বলেন, আবার মাদকের ছোবলে আক্রান্ত হচ্ছে সাভারের বেদেপল্লি। পুলিশকে জানানোর পরও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অনেক ক্ষেত্রে পুলিশ তাঁদের আটক করলেও দুর্বল সাজার ব্যবস্থা করে। অনেক সময় টাকা নিয়ে ছেড়ে দেয়।
এসআই জহিরুল ইসলাম বুধবার ইমরান ও শহীদুলকে গ্রেপ্তারের কথা স্বীকার করলেও কামালকে আটকের কথা অস্বীকার করেন। ডিবির পরিদর্শক এ এফ এম সায়েদ বলেন, বৃহস্পতিবার এসআই জহিরুল ডিবি থেকে অন্যত্র বদলি হয়ে গেছেন। এরপরও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখা হবে।
যোগাযোগ করা হলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ‘আমার কাছে এ ধরনের অভিযোগ কেউ করেনি। এরপরও খোঁজ নিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।’