সাভারে বন বিভাগ-এলাকাবাসী সংঘর্ষে আহত ১০

ঢাকার সাভারে বন বিভাগের জমি থেকে অবৈধভাবে গাছ ও মাটি কাটায় বাধা দেওয়ায় নিরাপত্তা কর্মীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে নিরাপত্তা কর্মীরা ফাঁকা গুলি ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করেন। সংঘর্ষে বন কর্মকর্তাসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার উপজেলার ছোট কালিয়াকৈর এলাকায় এ ঘটনা ঘটে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জের সাভার বিট কার্যালয়ের অধীনে সাভারের ছোট কালিয়াকৈর এলাকায় প্রায় ১৩৮ একর জমি রয়েছে। এসব জমিতে বন বিভাগের পক্ষ থেকে বনায়ন করা হয়েছে। এলাকার পাঁচ শতাধিক ব্যক্তি এসব জমি দখল করে গাছ ও মাটি কেটে তা চাষের জমিতে পরিণত করছিলেন। খবর পেয়ে সহকারী বন সংরক্ষক সাজেদুল আলমসহ কয়েকজন কর্মকর্তা নিরাপত্তা কর্মীদের নিয়ে সোমবার দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে যান। তাঁরা গাছ ও মাটি কাটায় বাধা দিলে দখলদারদের সঙ্গে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে গ্রামবাসী ও দখলদারেরা এক জোট হয়ে দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। একপর্যায়ে নিরাপত্তা কর্মীরা গুলি করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেন।
পুলিশ জানায়, হামলায় সহকারী বন সংরক্ষক সাজেদুল আলম, ফরেস্টার দিলীপ কুমার মজুমদার ও মালি ইমরান আলী আহত হন। অন্যদিকে এলাকাবাসী ও দখলদারদের পক্ষে আহত হয়েছেন সাতজন। তাঁদের মধ্যে অন্তত দুজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত সাজেদুলকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মাথায় কোপ লেগেছে। এ ছাড়া বাঁ হাতে আঘাত পেয়েছেন। আহত অন্যরা এলাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
কয়েকজন দখলদার ও এলাকাবাসীর ভাষ্য, এই জমির মালিকানা নিয়ে বন বিভাগ ও ভূমি মন্ত্রণালয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তাঁরা ভূমি মন্ত্রণালয় থেকে একসনা ইজারা নিয়ে ওই জমির দখল নিয়েছেন। এ অবস্থায় বন বিভাগ থেকে তাঁদের উচ্ছেদের জন্য অভিযান চালানো হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
তবে বন বিভাগের সাভার বিট কার্যালয়ের ফরেস্টার মোশারফ হোসেন বলেন, ভূমি মন্ত্রণালয় দাবি করলেও এই জমির মালিক বন বিভাগই। সেখান থেকে গাছ ও মাটি কাটার খবর পেয়ে বাধা দেওয়া হয়। এ সময় অবৈধ দখলদার ও এলাকার লোকজন তাঁদের ওপর হামলা চালান। এ ব্যাপারে বন বিভাগের পক্ষ থেকে তিনি সোমবার সাভার থানায় মামলা করেছেন।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, মামলা নেওয়া হয়েছে। এখন তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।