সাভারে বিকাশ কর্মীকে গুলি করে টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উপকণ্ঠ সাভারে গতকাল বুধবার এক বিকাশ কর্মীকে গুলি করে টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।
গুলিবিদ্ধ বিকাশ কর্মীর নাম মনিরুজ্জামান (৩৮)। বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার ফাঁরিরচর গ্রামে। মনিরুজ্জামান আশুলিয়ার কাঠগড়া এলাকায় থেকে সাভারের বিকাশ এজেন্ট গ্লোরি ডিস্ট্রিবিউশন করপোরেশন নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল মনিরুজ্জামান সাভার পৌর এলাকার সোবাহানবাগসহ আশপাশের এলাকার কয়েকটি দোকান থেকে টাকা সংগ্রহ করে বাজার রোডের আমিন টাওয়ারের বিকাশের কার্যালয়ে ফিরছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সোবাহানবাগ সড়কের আজিবরের চায়ের দোকানের সামনে এলে তিনটি মোটরসাইকেলে ছয় দুর্বৃত্ত এসে তাঁর পথরোধ করে। এরপর তারা মনিরুজ্জামানকে গুলি করে টাকার থলে ছিনিয়ে নিয়ে যায়।
চায়ের দোকানদার আজিবর রহমান বলেন, টাকার থলে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে মনিরুজ্জামান চিৎকার দেন। এ সময় দুর্বৃত্তরা গুলি করে টাকার থলে ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। তিনি বলেন, গুলিবিদ্ধ হয়ে মনিরুজ্জামান মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রবিন হোসেন বলেন, মনিরুজ্জামানের ডান পায়ের ঊরু ও পেটের বাঁ দিকে গুলি লেগেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান বলেন, দুর্বৃত্তরা দুই লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে গেছে। ঘটনার পর অভিযান চালিয়ে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। টাকা উদ্ধারসহ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।