সাভারে বিপিএটিসি কর্মচারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের কলমা এলাকা থেকে গতকাল শুক্রবার বিকেলে পুলিশ সৈয়দ আকবর আলী (৩৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত আকবর ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মালা গ্রামের বাসিন্দা এবং সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) কর্মচারী ছিলেন। তিনি কলমা এলাকার নিজ বাড়িতে একাই বসবাস করতেন। তাঁর স্ত্রী-সন্তানেরা থাকতেন রাজধানীতে।
সাভার মডেল থানার পুলিশ জানায়, স্থানীয় লোকজন শুক্রবার বিকেলে বাড়ির পাশে একটি জলাশয়ে আকবরের লাশ ভাসতে দেখে থানায় জানায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পা বাঁধা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আকবরের স্ত্রী লতিফা বেগম গতকাল রাতে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।