সাভারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলি
ঢাকার সাভারের দত্তপাড়া এলাকায় বৃহস্পতিবার রাতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্থানীয় সন্ত্রাসীরা গুলিবর্ষণ করেছে। পরে শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় এলাকার একটি হোটেলের মালিক মো. তুহিনের সঙ্গে কয়েকজন ছাত্রের বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে রাত সাড়ে সাতটার দিকে ১৫টি মোটরসাইকেলে করে তুহিন ও তাঁর সহযোগীরা ক্যাম্পাসের বাইরে এক ছাত্রের বাসায় ভাঙচুর করে। এর পর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে গিয়ে বাইরে থেকে ক্যাম্পাসের দিকে বেশ কয়েকটি গুলি ছোড়ে। এ সময় হলের শিক্ষার্থীরা এক জোট হয়ে ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী মিলন হাওলাদার বলেন, প্রতিটি মোটরসাইকেলে তিনজন করে সন্ত্রাসী ছিল। তাদের প্রায় সকলের হাতেই একটি করে শটগান ছিল। ওই শটগান দিয়েই তারা গুলি বর্ষণ করে। তিন বলেন, প্রথম গুলির ঘটনার পরপরই ছাত্ররা তাদের ধাওয়া করেন। তাড়া খেয়ে কিছুদুর যাওয়ার পর সন্ত্রাসীরা আবার ফাঁকা গুলি ছোড়ে।
জানতে চাইলে সাভার সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এক যুবকের সঙ্গে কয়েকজন ছাত্রের বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে বহিরাগত কয়েকজন ফাঁকা গুলি করে পালিয়ে যায়।