সাভারে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় এক বিশ্ববিদ্যালয়ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পূর্বপরিচিত এক ব্যক্তির সঙ্গে বেড়াতে গেলে একটি পরিত্যক্ত বাড়িতে আটকে তাঁকে ধর্ষণ করা হয় বলে জানান ওই ছাত্রী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ছাড়া গাজীপুরে গণধর্ষণের শিকার হয়েছে নবম শ্রেণির এক স্কুলছাত্রী। ওই ছাত্রীর কথিত প্রেমিক সহযোগীদের নিয়ে এ ধর্ষণের ঘটনা ঘটায় বলে অভিযোগ পাওয়া গেছে।
আশুলিয়া থানা-পুলিশের ভাষ্য, বাদল নামের এক ব্যক্তির সঙ্গে পূর্বপরিচয় ছিল রাজধানীর মিরপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ওই ছাত্রীর। বাদলের কথামতো গত শনিবার বিকেলে বেড়িবাঁধ এলাকার একটি গার্ডেনে বেড়াতে যান তিনি। পরে বাদল সেখান থেকে তাঁকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান। এরপর একটি কক্ষে আটকে তিনজনকে ডেকে রাতভর পালাক্রমে ধর্ষণ করেন। একপর্যায়ে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তাঁরা তাঁকে ফেলে পালিয়ে যান। গত রোববার দুপুরে তিনি আশুলিয়া থানায় গিয়ে এ ব্যাপারে অভিযোগ করেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
মেয়েটির ভাষ্যমতে, তিনি রাজধানীর শাহ আলী থানা এলাকায় থেকে ওই ইউনিভার্সিটিতে পড়ালেখা করেন। মুঠোফোনের মাধ্যমে বছর খানেক আগে বাদলের সঙ্গে তাঁর পরিচয়। বাদল বিবাহিত। তবে বিষয়টি গোপন রেখে তিনি তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে বাদলের সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন।
এদিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ মিরপুর এলাকার বাদলসহ (২৭) চারজনকে রোববার গ্রেপ্তার করেছে। বাকি তিনজন হলেন আশুলিয়ার নিশ্চিন্তপুরের আনোয়ার হোসেন (২৪), একই থানার পাড়াগ্রামের আকলব ব্যাপারী (২৭) ও রিয়াদ দেওয়ান (২৭)।
গ্রেপ্তার হওয়া চারজনকে পুলিশ পাঁচ দিনের রিমান্ড চেয়ে গতকাল সোমবার ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠায়। পরে আদালত শুনানি শেষে তাঁদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, রোববার মেয়েটির অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে তিনজনকে এবং রোববার রাতে মেয়েটি চারজনের বিরুদ্ধে মামলা করলে সেই রাতে সাধুপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে বাদলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, চিকিৎসার জন্য মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। সেখানে তাঁর ডাক্তারি পরীক্ষা হয়েছে। তবে তাঁর এই পরীক্ষার প্রতিবেদন সম্পর্কে কিছু জানা যায়নি।
স্কুলছাত্রী গণধর্ষণ: গাজীপুরের কালীগঞ্জে গণধর্ষণের শিকার হওয়ার অভিযোগ ওঠা স্কুলছাত্রী (১৫) স্থানীয় এক স্কুলের নবম শ্রেণিতে পড়ে।
ছাত্রীর পরিবার ও পুলিশের ভাষ্য, উপজেলার জামালপুর ইউনিয়নের বাগমারা গ্রাম থেকে মেয়েটিকে তার কথিত প্রেমিক মতিউর রহমান ওরফে মতি (২৫) গত রোববার বিকেলে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে যান। সন্ধ্যায় বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের কালভার্টের পাশে নির্জন স্থানে নিয়ে মতিসহ চার যুবক তাকে রাতভর ধর্ষণ করেন। গতকাল ভোরে মেয়েটির চিৎকারে শুনতে পেয়ে কয়েকজন গ্রামবাসী গিয়ে তাকে উদ্ধার করেন। পরে কালীগঞ্জ পুলিশ হেফাজতে তুলে দেওয়া ওই স্কুলছাত্রীকে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান জানান, ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে গতকাল বিকেলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরীক্ষা বা প্রতিবেদন বিষয়ে কিছু জানা সম্ভব হয়নি। অভিযুক্ত ব্যক্তিদের কাউকে আটক করা যায়নি।