সাভারে বোমা বিস্ফোরণে দুই শিশুর মৃত্যু
হান্নান, শুভ আর সালমান—ওরা তিন বন্ধু। বাড়ি ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের মোস্তাপাড়া এলাকায়। গতকাল বৃহস্পতিবার বিকেলে তারা একসঙ্গে খেলতে গিয়েছিল পাশের বোমকা এলাকায় সেনাবাহিনীর প্রশিক্ষণ মাঠে। খেলা শেষে সেখানে কুড়িয়ে পাওয়া বোমা পকেটে নিয়ে বাড়ি ফিরছিল তারা। হঠাৎ করে বিকট শব্দে সেই বোমা বিস্ফোরিত হয়ে হান্নান ও শুভ মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। আর আহত হয় সালমান।
স্থানীয় লোকজন জানান, মাস তিনেক আগে সোলায়মান ও নূরু নামের দুই শিশু একইভাবে আহত হয়েছিল। দীর্ঘদিন চিকিৎসার পর তারা এখন অনেকটাই সুস্থ।
হান্নান (১০) আর শুভ (১০) স্থানীয় জাহাঙ্গীর খান দারুল উলুম মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।
সালমান (৮) পড়ালেখা করে স্থানীয় সানরাইজ ইন্টারন্যাশনাল স্কুলে।
হান্নানের বাবা শফিকুল ইসলাম আর শুভর বাবা আবদুল হাই পেশায় দিনমজুর। সালমানের বাবা কবীর হোসেন গরু ব্যবসায়ী।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে সালমান জানায়, তারা তিন বন্ধু গতকাল বিকেল চারটার দিকে সেনাবাহিনীর প্রশিক্ষণ মাঠে খেলতে যায়। খেলার একপর্যায়ে শুভ ওই মাঠে একটি বোমা কুড়িয়ে পায়। বাড়ি নিয়ে খেলার জন্য শুভ বোমা পকেটে ভরে রওনা হয়। মাঠ থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পর শুভ তাকে বোমটি গরম হওয়ার কথা জানিয়েছিল। এ সময় শুভ আর হান্নান গলা ধরে হাঁটছিল। আর সে তাদের থেকে কিছুটা দূরে ছিল। এর কিছু সময় পরে বিকট শব্দে বোমাটি ফেটে যায়। এ সময় শুভর বাঁ হাত-পা উড়ে যায়। তারা দুজনেই মাটিতে পড়ে যায়। আর সে (সালমান) বাঁ পায়ে আঘাত পায়।
মোস্তাপাড়ার আলী আকবর, মোহাম্মদ আলী, শহীদুল ইসলাম মোল্লাসহ আরও অনেকে বলেন, মোস্তাপাড়া থেকে সেনাবাহিনীর প্রশিক্ষণ মাঠের দূরত্ব প্রায় এক কিলোমিটার। সেনাসদস্যরা ওই মাঠে নিয়মিত প্রশিক্ষণ নিয়ে থাকেন। প্রশিক্ষণ চলাকালে বোমা আর বিস্ফোরণের শব্দে ওই এলাকার চারপাশ প্রকম্পিত হয়ে ওঠে। কিন্তু মাঠটি একবারে অরক্ষিত। কোনো সীমানাপ্রাচীর নেই। সেখানে কোনো পাহারার ব্যবস্থাও নেই। তাঁরা জানান, গতকালও ওই মাঠে প্রশিক্ষণ চলে। এর কয়েক ঘণ্টা পর হান্নান, শুভ আর সালমান সেখানে খেলতে যায়। সেখানে কুড়িয়ে পাওয়া বোমা বা বিস্ফোরণ ঘটার মতো কোনো বস্তু নিয়ে তারা বাড়ি ফিরছিল। মাঠ থেকে ১০০ ফুট দূরে সেই বস্তুর বিস্ফোরণ ঘটে দুজন মারা যায়। বিস্ফোরণে শুভর দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।
যোগাযোগ করা হলে সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ বলেন, বিস্ফোরণজনিত কারণেই দুই শিশু মারা গেছে। তবে কী ধরনের বিস্ফোরক, তা নিশ্চিত হওয়া যায়নি। সেনাবাহিনীর প্রশিক্ষণ মাঠের বাইরে এ ঘটনা ঘটে বলেও জানান তিনি।
নিহত শিশু দুটির পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার করে টাকা অনুদান দেওয়া হয়েছে।