সাভারে ব্যবসায়ীকে নির্যাতন, দুই কনস্টেবল প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের তিন কনেস্টবলের বিরুদ্ধে বিপ্লব সাহা (৩০) নামের এক ব্যবসায়ীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। মাদকসহ বিভিন্ন মামলায় বিপ্লবকে আসামি করারও চেষ্টা করা হয়। পরে ব্যবসায়ী সমিতির হস্তক্ষেপে ছাড়া পান ওই ব্যবসায়ী। এ ঘটনায় দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।
বিপ্লব সাভার বাজার রোডের পাগল নাথ সাইকেল স্টোরের মালিক ও সাভার পৌর এলাকার কাজী মোকমাপাড়ার বাসিন্দা।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ১২ ডিসেম্বর বিপ্লবসহ সাভার বাজারের ব্যবসায়ী স্বপন সরকার, মনোজ কান্তি ধর ও বিরাজ সরকারের সঙ্গে ডিবির কনস্টেবল আবদুর রহিমের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁদের সঙ্গে রহিমের হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে রহিম তাঁর দুই সহকর্মীকে নিয়ে গত মঙ্গলবার বিকেলে বিপ্লবের দোকানে যান। তাঁরা বিপ্লবকে হাতকড়া পরিয়ে মারতে মারতে নিয়ে যান। এ খবর ছড়িয়ে পড়লে শতাধিক ব্যবসায়ী বিপ্লরের দোকানের সামনে জড়ো হন। তাঁরা বিষয়টি বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওবায়দুর রহমানকে জানালে তিনি ডিবি কার্যালয়ে যান। সাভার ডিবি কার্যালয় থেকে ওই দিন রাত ১২টার দিকে বিপ্লব ছাড়া পান।
বিপ্লব জানান, মঙ্গলবার ডিবির তিন কনস্টেবল তাঁর দোকানে যাওয়ার পরপরই অবৈধ অস্ত্র থাকার কথা বলে তাঁকে হাতকড়া পরান। এরপর তাঁকে কিল-ঘুষি, লাথি মেরে, পেটাতে পেটাতে একটি ইজিবাইকে করে সাভার ডিবির কার্যালয়ে নিয়ে যান। সেখানে তাঁরা হাত-পা একসঙ্গে করে একটি লাঠির সঙ্গে ঝুলিয়ে লাঠি দিয়ে হাঁটুর নিচ থেকে তাঁকে পেটাতে থাকেন। বিরতি দিয়েদুই ঘণ্টার বেশি সময় ধরে পেটানোর সময় দুটি লাঠি ভেঙে যায়। এরপর কিছুক্ষণের জন্য তাঁকে হাজতে রাখা হয়।
পরে হাজত থেকে এনে চুল টেনে নির্যাতনসহ লাঠি দিয়ে তাঁর পিঠে ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়। একপর্যায়ে তাঁর সামনে গাঁজা রেখে ওই গাঁজা তাঁর দোকান থেকে উদ্ধার করা হয়েছে মর্মে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়। তাঁকে মাদকের মামলাসহ অন্য মামলার আসামি করারও হুমকি দেওয়া হয়। পরে ওবায়দুরের হস্তক্ষেপে তিনি ছাড়া পেয়ে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে গত বৃহস্পতিবার রাতে বাসায় ফেরেন। তিন কনস্টেবলের মধ্যে একজনের নাম আমিনুল বলে জানান তিনি। তবে তিন কনস্টেবল ছাড়া উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলামও মারধরে অংশ নেন বলে তিনি জানান।
বিপ্লবকে মারধর করার কথা অস্বীকার করে এসআই তৌহিদুল জানান, মঙ্গলবার রাতে বিপ্লবকে তিনি ডিবি কার্যালয়ে দেখেছেন। তবে কারা, কেন তাঁকে ধরে এনেছিলেন, তা তিনি জানেন না।
ওবায়দুর জানান, বিপ্লবকে আটক করে মারধরের খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে মুচলেকা দিয়ে তাঁকে মুক্ত করা হয়।
এ ব্যাপারে ডিবির সাভার কার্যালয়ের পরিদর্শক শাহীন শাহ পারভেজ বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তিনি এ বিষয়ে সাভার পৌর এলাকার দায়িত্বে থাকা পরিদর্শক ইউনুস আলীর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। গতকাল শুক্রবার ডিবির কার্যালয়ে গেলে পরিদর্শক ইউনুস জানান, মঙ্গলবার বিকেলের পর তিনি কার্যালয়ে ছিলেন না। বিষয়টি তাঁর জানা নেই। কনস্টেবল আমিনুলের সঙ্গে কথা বলতে চাইলে ইউনুস জানান, আমিনুল ছুটিতে আছেন। তবে কবে থেকে ছুটিতে আছেন, তা তিনি জানাতে পারেননি।
এ বিষয়ে সাভার সার্কেলের এএসপি রাসেল শেখ জানান, কনস্টেবল রহিমের সঙ্গে বিপ্লবসহ কয়েকজনের বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে রহিম ও জুয়েলসহ তিন কনস্টেবল বিপ্লবকে ধরে এনে মারধর করেন। বিষয়টি পুলিশ সুপার হাবিবুর রহমানকে জানানোর পর তাঁর নির্দেশে রহিম ও জুয়েলকে ডিবি কার্যালয় থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্ত করে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।