সাভারে ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের দেওগাঁও এলাকায় রুহুল আমিন (৩৭) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আগের শত্রুতার জের ধরে তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
পুলিশ ও ব্যবসায়ীর পরিবার সূত্রে জানা গেছে, রুহুল আমিন এলাকার বিভিন্ন জলাশয় ভাড়া নিয়ে মাছের চাষ করেন। গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে কাজ শেষে তিনি বাসায় ফিরছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁকে আটক করে হাত-পা বাঁধার চেষ্টা করে। তাঁর চিৎকারে লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। গুলি তাঁর বাঁ পায়ের ঊরুতে বিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান।
রুহুল বলেন, পুকুর থেকে তীরে ওঠার পরপরই তিন দুর্বৃত্ত তাঁকে জাপটে ধরে হাত-পা বাঁধার চেষ্টা করে। অপরজন তাঁর মাথায় পিস্তল ঠেকিয়ে পকেট থেকে মুঠোফোন ও টাকা লুটে নেয়। তিনি চিৎকার দিলে স্থানীয় দুই ব্যক্তি তাঁর সাহায্যে এগিয়ে আসেন। এ সময় দুর্বৃত্তদের একজন তাঁর পায়ে গুলি করে পালিয়ে যায়। তিনি বলেন, মাস খানেক আগে তিনি আরিফুর রহমান নামে এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে পুলিশে ধরিয়ে দেন। সম্ভবত সেই ক্ষোভে আরিফই ভাড়াটে লোকজন দিয়ে তাঁকে হত্যার চেষ্টা চালান। ঘটনার পর তিনি বিষয়টি সাভার থানাকে অবহিত করেছেন।
সাভার মডেল থানার ওসি কামরুজ্জামানের মুঠোফোনে গতকাল কল দিলেও তিনি ধরেননি।