সাভারে ব্যবসায়ীর টাকা ছিনতাই?
ঢাকার সাভার পৌর এলাকার বাজার রোডে গতকাল সোমবার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা অস্ত্রের মুখে এক ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নিয়ে যায়।
ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর নাম সানি দত্ত। সাভার নামাবাজারে তাঁর প্রসাধনী ও ওষুধের দোকান আছে।
সানির চাচাতো ভাই অমিত দত্ত বলেন, গতকাল দুপুর ১২টার দিকে তাঁর ভাই বাজার রোডে ডাচ্-বাংলা ব্যাংকের সাভার শাখা থেকে চার লাখ টাকা তোলেন। এরপর রিকশায় করে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে ফিরছিলেন। বাজার রোডের বিকাশ পয়েন্টের কাছে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাঁর কাছে থাকা টাকার থলে ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক চা-দোকানি বলেন, দুটি মোটরসাইকেলে চার ছিনতাইকারী সানির রিকশার সামনে এসে দাঁড়ায়। এরপর সানির মাথায় পিস্তল ঠেকিয়ে তারা টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।
মুঠোফোন বন্ধ থাকায় চেষ্টা করেও সানি দত্তের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলী আকবর বলেন, ছিনতাইয়ের কথা শোনা গেলেও এর কোনো সত্যতা পাওয়া যায়নি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, বাজার রোডে টাকা ছিনতাইয়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।