সাভারে ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে ব্যবসায়ী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে সাভারে ফজলুল হক (৪৬) নামের এক ব্যবসায়ী দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে তিনি নিখোঁজ হন। তাঁকে অপহরণ করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ফজলুল হক সাভারের নামাগেণ্ডা এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় এনসিবি নামের একটি ইটভাটায় ব্যবস্থাপকের চাকরির পাশাপাশি জমির ব্যবসা করেন।
ফজলুল হকের ছেলে মোস্তাফিজুর রহমান বলেন, গত রোববার বেলা দেড়টার দিকে তাঁর বাবা জমি বিক্রির চার লাখ টাকা জমা দিতে সোনালী ব্যাংক সাভার শাখার উদ্দেশে বাড়ি থেকে বের হন। এর পর থেকে তিনি নিখোঁজ। ব্যাংকেও টাকা জমা হয়নি।
ব্যবসায়ীর ছেলে আরও বলেন, ব্যাংকে যাওয়ার পর দীর্ঘ সময় পার হলেও বাসায় না ফেরায় রোববার সন্ধ্যায় তিনি বাবার মুঠোফোনে কল করলে সেটি বন্ধ পান। এরপর সম্ভাব্য সব জায়গায় খুঁজেও বাবাকে না পেয়ে গতকাল তিনি সাভার থানায় সাধারণ ডায়েরি করেন। দুর্বৃত্তরা টাকার জন্য তাঁর বাবাকে অপহরণ করেছে বলে তাঁর ধারণা।