সাভারে ভুল অস্ত্রোপচারে গৃহবধূর মৃত্যুর অভিযোগ
রাজধানীর উপকণ্ঠ সাভারে একটি বেসরকারি হাসপাতালে ভুল অস্ত্রোপচারে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে পার্বতীনগর এলাকার মুক্তি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। ঘটনা তদন্তে গতকাল মঙ্গলবার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন অবেদনবিদকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
মৃত গৃহবধূর নাম মিতু আক্তার (৩০)। তিনি সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের মোহাম্মদ আসাদুল্লাহর স্ত্রী।
সাভার মডেল থানা-পুলিশ ও মারা যাওয়া গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার পেটব্যথার চিকিৎসার জন্য মিতু আক্তারকে মুক্তি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁর পিত্তথলিতে পাথর হওয়ার কথা জানান চিকিৎসকেরা। পাথর অপসারণে গত সোমবার সন্ধ্যায় মিতুর শরীরে অস্ত্রোপচার করা হয়। এর কিছু সময় পর তিনি মারা যান।
মিতুর স্বামী আসাদুল্লাহ জানান, তাঁদের না জানিয়ে সোমবার সন্ধ্যা ছয়টার দিকে মিতুকে অস্ত্রোপচারকক্ষে নেওয়া হয়। পরে তিনি বিষয়টি জানতে পারেন। অস্ত্রোপচার কক্ষ থেকে বের হওয়ার সময় তিনি চিকিৎসক কাজী সোহেল ইকবালের কাছে তাঁর স্ত্রীর অবস্থা জানতে চান। মিতু সুস্থ আছে বলে ওই চিকিৎসক হাসপাতাল থেকে দ্রুত বের হয়ে যান। অন্য কর্মকর্তা-কর্মচারীরাও চলে যান। পরে তিনি অস্ত্রোপচারকক্ষে ঢুকে মিতুকে মৃত দেখতে পান।
ঘটনার এক ঘণ্টা পর সরেজমিনে দেখা যায়, হাসপাতালটির তিনতলা ভবনের দ্বিতীয় তলায় অস্ত্রোপচারকক্ষে একটি টেবিলে মিতুর লাশ পড়ে আছে। অন্য কক্ষগুলোয় গাদাগাদি করে খাট রাখা। সেখানে রোগীরা অবস্থান করছেন। এসব কক্ষ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে।
হাসপাতালটির পরিচালক দেলোয়ার হোসেন দাবি করেন, ভুল চিকিৎসায় নয়, সম্ভবত অচেতন করার পর হৃদ্যন্ত্র বন্ধ হয়ে মিতু মারা গেছেন।
সাভার থানার এসআই জাকারিয়া হোসেন বলেন, ঘটনার পর রোগীর স্বজনেরা উত্তেজিত হয়ে হাসপাতালে ভাঙচুরের চেষ্টা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। মিতুর মৃত্যু নিয়ে প্রশ্ন ওঠায় ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরিদা ইয়াসমিন বলেন, ঘটনা তদন্তে অবেদনবিদ সারোয়ার হোসেনকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পাঁচ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।