সাভারে মাকে লাঞ্ছনা ছেলের আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেশা করার অভিযোগ এনে প্রথমে সাগরকে (১২) মারপিট করে তার বন্ধুরা। এতে বাধা দেওয়ায় তার মাকেও মারধর করা হয়। এ ঘটনার পর সাগর আত্মহত্যা করে। গত সোমবার রাতে ঢাকার সাভার পৌর এলাকার কোটপাকার মহল্লায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজনের ভাষ্যমতে, কোটপাকার এলাকার আলমগীর (১৫), রাসেল (১৬), সাগরসহ কয়েকজন একসঙ্গে নেশা করত। নেশা করা নিয়ে বিরোধের জের ধরে আলমগীর ও রাসেল সোমবার সন্ধ্যা সাতটার দিকে সাগরকে মারধর করে। এরপর তারা সাগরকে তার মা তারাবানুর কাছে ধরে নিয়ে যায়। তারাবানুর সামনে নেশা করার অভিযোগ এনে তাকে আবারও মারপিট করা হয়। এ সময় তারাবানু প্রতিবাদ করলে ছেলের সামনে তাঁকেও মারধর করা হয়। আলমগীর ও রাসেলের বাবারা এলাকায় প্রভাবশালী হওয়ায় কেউ এ ঘটনার প্রতিবাদ করার সাহস করেনি। পরে তারাবানু সাগরকে ঘরে রেখে বাসার মালিক আবুল হোসেনের বাড়িতে যান। রাত আটটার দিকে বাসায় ফিরে তিনি ঘরের ভেতরে সাগরকে ফ্যানের সঙ্গে গলায় গামছা বাঁধা অবস্থায় ঝুলতে দেখে চিৎকার দেন। আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাগরের খালা রানু বেগম বলেন, ‘চোখের সামনে মাকে মারার প্রতিকার করবার না পাইরা আমার ভাইগনা কষ্টে আত্মহত্যা করে।’ তারাবানু বলেন, ‘ঘটনার পর আমি মাতবরগো কাছে গেছি। হ্যারা কইচে তোমারে বিচার কইরা দেব। আমি তো হ্যাগো এলাকায় কাম করে খাব, থাকব। আমার তো যাওয়ার মতো কোনো বাড়ি-ঘর নাই। আর কাম ছাড়া তো আমার ভাত নাই। এর লিগাই তাদের কতায় আমি থানায় কোনো অভিযোগ করি নাই। তাগোর কতা না হুনলে তো এই দেশে থাইকবার দিব না। তয় আমার পুলার বিচার না পাইলে আমি ঠিকই থানায় যামু।’
এ ব্যাপারে কথা বলার জন্য আলমগীর ও রাসেলের বাসায় গিয়ে কাউকে পাওয়া যায়নি।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক বলেন, সাগরের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না দেওয়ায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, সাগরের মা কোনো অভিযোগ করেননি। অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে পুলিশ বাদী হয়ে মামলা করবে।